Logo
Logo
×

সংবাদ

থিসিসেও বিশাল চুরি করে ঢাবি থেকে পিএইচডি নেন বেনজীর

৩৯% নকল, ৩৮ ভাগ ইন্টারনেট থেকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:৩৮ এএম

থিসিসেও বিশাল চুরি করে ঢাবি থেকে পিএইচডি নেন বেনজীর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের পিএইচডি ডিগ্রি নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি যে পিএইচডি ডিগ্রি পাওয়ার পর নামের সামনে ‘ড.’ লাগিয়েছেন তাতে ব্যবহার করা উপাত্তের কমপক্ষে ৩৯ শতাংশ নকল বা চুরি করা।  শুধু তাই নয়, ৩৮ ভাগ তথ্যউপাত্ত তিনি নিয়েছেন ইন্টারনেট থেকে। গবেষণাপত্রের ১১ শতাংশ আধেয় বা কনটেন্ট নকল করেছেন জাতিসংঘ ও পুলিশের ওয়েবসাইট থেকে।

বাংলা আউটলুক বেনজীর আহমেদের পিএইচডি থিসিসের একটি কপি পেয়েছে। আধেয় বা লেখা চুরি যাচাইয়ের বহুল ব্যবহৃত প্ল্যাজিয়ারিজম ডিটেক্টর টারনিটিনের মাধ্যমে পরীক্ষা করে বিপুল চুরির এমন চিত্র পাওয়া গেছে।

সম্প্রতি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরুর পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় । 


বেনজীরের ওই গবেষণার মৌলিকতা যাচাই প্রতিবেদনে দেখা যায়, গবেষণা প্রবন্ধের ৩৯ শতাংশ কোন না কোন লেখার/সূত্রের সঙ্গে হুবহু  মিল রয়েছে। আর ৩৮ শতাংশ তথ্যাদি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আর মাত্র ১৭ শতাংশ নেওয়া হয়েছে বিভিন্ন পাবলিকেশন থেকে। তাই গবেষণাপত্রটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এবং ইন্সুরেন্স বিভাগে তার অত্যন্ত ঘনিষ্ঠ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের অধীনে পিএইচডির কাজটি সম্পন্ন করেন। পিএইচডির বিষয় ছিল ‘আমাদের অর্থনীতিতে বাংলাদেশী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান’।  

এই গবেষণার জন্য বেনজীর আহমেদ ঢাবির ব্যাংকিং এবং ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক আবু তালেব ও ড. রফিকুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া সাবেক পুলিশপ্রধান বাংলাদেশ পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বেনজীর আহমেদ ও শিবলী রুবাইয়াত—উভয়কে কাছ থেকে চেনেন এমন একজন বাংলা আউটলুককে বলেছেন তারা দুজন খুবই ঘনিষ্ঠ। তবে পিএইচডির থিসিসে চুরির এই অভিযোগ বিষয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বা আবু তালেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও শিবলী রুবাইয়াতের দুর্নীতির বিষয়ে এর আগে ওসিসিআরপির পক্ষ থেকে প্রতিবেদন করা হয়েছিল। 

এদিকে, সাম্প্রতিক সময়ে বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু হলে বিভিন্ন পত্রপত্রিকায় বিপুল পরিমাণ সম্পদের ফিরিস্তিও ছাপা হয়। বাংলাদেশ পুলিশে চাকরি করার পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরে দীর্ঘদিন চাকরি করেছেন পুলিশের এই সাবেক কর্মকর্তা। তবে র‍্যাবে পেশাগত দায়িত্ব পালনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে এবং আরও ছয় জনকে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় যখন পড়েন তখন তিনি পুলিশপ্রধান।

স্বাভাবিকভাবে অবসরে যাওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ আহরণের অভিযোগ ওঠে। তার সঙ্গে র‍্যাবে কাজ করা একজন কর্মকর্তা বাংলা আউটলুককে বলেন, ‘পিএইচডি শেষ হওয়ার আগে ২০২০ সালের প্রথমার্ধে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষকদের ও তাদের পরিবারকে নিয়ে র‍্যাব ট্রেনিং স্কুলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন র‍্যাবের তৎকালীন এই মহাপরিচালক। সে অনুষ্ঠানে দুপুরবেলায় সঙ্গীতশিল্পী কনা গান গান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপভোগ করেন।'

বেনজীর ওই বছরের এপ্রিলে আইজিপি নিযুক্ত হন এবং তারপরে তিনি তার পিএইচডির পেপার সাবমিট করেন। ঘটনার পর উত্তর আমেরিকাতে শিক্ষকতা করেন এমন একজন অধ্যাপক ঢাবির পিএইচডি প্রদানের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

তিনি বলেন, এখানে “কনফ্লিক্ট অব ইন্টারেস্ট”-এর বিষয়টা ভেবে দেখা প্রয়োজন রয়েছে। উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্বার্থের দ্বন্দ্ব দূর করতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বেনজীর আহমেদের ক্ষেত্রে কি করা হয়েছিল তা দেখার বিষয়। বিশ্ববিদ্যালয় কি সেই স্বচ্ছতা রাখছে, তিনি প্রশ্ন করেন। 

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সেট ক্রাইটেরিয়া আছে, একইভাবে পিএইচডির ছাত্র কিভাবে হবে তাও নির্ধারিত। কিন্তু আলোচিত এই বিষয়ে কিছুটা ভিন্নতা উপলব্ধি করা যাচ্ছে। ’

ভবিষ্যতে এ প্রক্রিয়া নিরূপণ করা খুবই প্রয়োজন—বলছিলেন এ অবসরপ্রাপ্ত অধ্যাপক। 

পিএইচডি গবেষণায় এ ধরনের ‘কুম্ভীলকবৃত্তি’ বা চুরি প্রসঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী বলেন, ‘বর্তমানে অনেকের কাছে পিএইচডি ফ্যাশনে পরিণত হয়েছে, বিবর্তন হওয়া প্রয়োজন। পিএইচডির মূল উদ্দেশ্য থেকে তা সরে এসেছে। দেশে-বিদেশে বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগ আসে।’ 

তিনি আরও বলেন, ‘আমি বলব এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসনের অভাব পরিলক্ষিত। রয়েছে সব স্বচ্ছতার অভাব। এসে করে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তা হলো উচ্চ শিক্ষার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবার সংকট।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন