Logo
Logo
×

সংবাদ

কিউএস র‍্যাংকিংয়ে ঢাবির অস্বাভাবিক অগ্রগতি নিয়ে সন্দেহ, বিতর্ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম

কিউএস র‍্যাংকিংয়ে ঢাবির অস্বাভাবিক অগ্রগতি নিয়ে সন্দেহ, বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান নিয়ে যেখানে মাঝে-মধ্যেই প্রশ্ন দেখা দেয়, সেখানে সম্প্রতি সময়ের একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফল নিয়ে অনেকের চোখ কপালে। ব্রিটেনভিত্তিক শিক্ষা ও গবেষণা-প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয় পেছনে ফেলেছে বিশ্বের নামিদামি বেশকিছু বিশ্ববিদ্যালয়কে। ফলে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’ বিষয়টিকে অনেকেই আজগুবি বলে অভিহিত করছেন।

সম্প্রতি  যুক্তরাজ্য প্রবাসী গবেষক আকিব মো. শাতিল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি কিউএস র‍্যাংকিংয়ের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়মেন্ট আউটকামস নাকি সিডনি, অকল্যান্ড, লুন্ড, কোরিয়া, ম্যানচেস্টার, মোনাশ, ইউবিসি, কিয়োটো বিশ্ববিদ্যালয়ের থেকেও বেশি। ওই পোস্টে তিনি পাশ করে বের হওয়ার এতো বেশি সংখ্যক শিক্ষার্থীর জব সেক্টরে প্রবেশের বিষয়টিতে সন্দেহ প্রকাশ করেন। 

চলতি মাসে প্রকাশিত এই র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখা যাচ্ছে ৫৫৪তম। গত বছর প্রকাশিত র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬৯১ থেকে ৭০০-এর মধ্যে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে প্রায় ১৪০ ধাপ। 

অনুসন্ধানে দেখা গেছে, ‘এমপ্লয়মেন্ট আউটকাম’ক্যাটাগরিতে অস্বাভাবিক স্কোরের কারণে র‍্যাংকিংয়ে উল্লম্ফন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কারণ, গত বছরের  প্রকাশিত র‍্যাংকিংয়ে এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে ঢাবির স্কোর ছিল ৩০ দশমিক ৩। অথচ চলতি বছরে এ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের স্কোর হয়েছে ৯৩ দশমিক ৭ শতাংশ। এক বছরের ব্যবধানে র‍্যাংকিংয়ের এমন বৃদ্ধিকে তাই সন্দেহের চোখেই দেখছেন সমালোচকরা। 

তথ্যমতে, কয়েকটি সূচকের ভিত্তিতে এ র‍্যাংকিং করে থাকে কোয়াককোয়ারেলি সায়মন্ডস। সূচকগুলো হলো- একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, কর্মসংস্থান, ও স্থায়িত্ব।

এ র‍্যাংকিংয়ে দেখা গেছে, চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গড় স্কোর ২২ দশমিক ৪। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক রেপুটেশনে স্কোর ২৩, এমপ্লয়ার রেপুটেশনে ৪৫ দশমিক ৬, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ১১ দশমিক ২, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ২ দশমিক ৯, আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ১ দশমিক ৬, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫২, স্থায়িত্বে স্কোর ১১ দশমিক ৮। আর কর্মসংস্থানের ক্ষেত্রে পেয়েছে ৯৩ দশমিক ৭ স্কোর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩ দশমিক ৭ শতাংশ এমপ্লয়মেন্ট আউটকামস স্কোরকে অস্বাভাবিক ও অবিশ্বাস্য বলে মনে করেন শিক্ষাবিদরা। কারণ, গত বছর প্রকাশিত কিউএস র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে পেয়েছিল মাত্র ৩০ দশমিক ৩ স্কোর।

এদিকে মাত্র এক বছরের ব্যবধানে এই ক্যাটাগরিতে ৬৩ স্কোরের বেশি এগিয়ে যাওয়াকে আজগুবি বলে মনে করছেন অনেকেই। আকিব মো. শাতিলের ওই ফেসবুক পোস্টে ১৬৪ জন মানুষ রিঅ্যাক্ট দেন। তার মধ্যে ১১৮ জনই হাহা প্রতিক্রিয়া দেন। আর ১১ জন এতে বিস্ময় সূচক প্রতিক্রিয়া দেখান।  কারণ চলতি বছরের র‍্যাংকিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ক্যাটাগরিতে পেয়েছে মাত্র ২২ দশমিক ২ স্কোর।

এ ছাড়া চলতি বছরের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেখা গেছে, দ্বিতীয় অবস্থানে থাকা ইম্পেরিয়াল কলেজ লন্ডন এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে পেয়েছে ৯৩ দশমিক ৪ স্কোর, নবম স্থানে থাকা যুক্তরাজ্যের ইউসিএল ইউনিভার্সিটি এ ক্যাটাগরিতে পেয়েছে ৭০ দশমিক ৩ স্কোর। অর্থাৎ, এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে শীর্ষে থাকা এসব বিশ্ববিদ্যালয়কেও ছাড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তবে কিউএস র‍্যাংকিং করার সময় বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো প্রকার তথ্য চাওয়া হয়নি জানিয়ে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, তারা নিজেরাই বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করেছে। যদিও এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে উল্লেখ করা ৯৩ দশমিক ৭ স্কোরের সত্যতা রয়েছে বলে দাবি করেন তিনি। তবে এর কোনো ব্যাখ্যা দেননি।

বিশ্ববিদ্যালয়টির ভিসির এই দাবির সঙ্গে বৈপরীত্য রয়েছে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক ছিদ্দিকুর রহমানের। তিনি বলেন, এমপ্লয়মেন্ট আউটকাম ক্যাটাগরিতে এক বছরে ৬৩ স্কোর বৃদ্ধি পাওয়ার কথা নয়। এটি অস্বাভাবিক ও অবিশ্বাস্য বলে মনে হয়। তার মতে, এখানে তথ্যগত গরমিল থাকতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন