সিসিটিভি ফুটেজে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলির ঘটনায় যা দেখা গেল
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে প্রাণ গেছে আরেক পুলিশ সদস্যের। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন জাপান দূতাবাসের গাড়িচালকও। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এতে দেখা যায়, ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের ডিউটি কক্ষের সামনে বাগ্বিতণ্ডা হয় কনস্টেবল কাওসার ও মনিরুলের মধ্যে।
ভিডিওতে দেখা যায়, ডিউটি খাতা নিয়ে কিছু একটা বলছিলেন কাওসার ও মনিরুল। এর মধ্যে হঠাৎ আচমকা মনিরুলের দিকে খাতা ছুড়ে মারেন কাওসার। এরপর ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি শুরু করেন কাওসার। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান মনিরুল। পরে মনিরুলের অস্ত্রও মাটি থেকে তুলে নেন কাওসার। এরপর নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকেন মরদেহের পাশে।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, কিছুক্ষণ নির্বিকার দাঁড়িয়ে থাকার পর বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়েন কাওসার। ওই সময় ডিপ্লোমেটিক জোনে কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা দৌড়ে ঘটনাস্থলে আসেন। এরপর কাওসারকে নিরস্ত্র করে আটক করা হয়।
রাতেই ঘটনাস্থলে যান আইজিপি। এ সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুইজন কনস্টেবল ডিউটিরত ছিল। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার শরীরে ৩ রাউন্ড গুলি লেগেছে।

