বাজেট গতানুগতিক, অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ : জাসদ
প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ বলেছে এই বাজেট আগামীর অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। ফলে তা বাস্তবায়ন করা দুরুহ হবে।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন কথা বলে আওয়ামী লীগের মিত্র এ দলটি।
বিজ্ঞপ্তিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ২০২৪—২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট গতানুগতিক এবং স্থিতাবস্থা বজায় রাখায় প্রচেষ্টার বাইরে নতুন ও বেশি কিছু না।
তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকট মোকাবেলা, ব্যাংকিং ও আর্থিক খাতের বিশৃঙ্খলা ও অস্থিরতা দূর করা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, আভ্যন্তরীণ ব্যাংকিং খাত এবং বৈদেশিক ঋণ ও অনুদানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া বাজেট বাস্তবায়ন ও আগামী অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের বিষয়ে অর্থমন্ত্রী ও সরকারকে খোলামন নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।

