শুক্রবার নয়, শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, নরেন্দ্র মোদির শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরও একদিন পেছাচ্ছে। তিনি দিল্লির উদ্দেশে ৮ জুন রওনা করবেন। শপথ হবে ৯ জুন। শেখ হাসিনা দেশে ফিরবেন ১০ জুন।
প্রসঙ্গত : সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০ আসন পেয়েছে। এককভাবে সরকার গঠনের জন্য ন্যুনতম ২৭২ আসন প্রয়োজন ছিল। তাই বিজেপি এনডিএ জোটের মাধ্যমে সরকার গঠন করছে। অর্থাৎ ২০১৪ এর পর নজিরবিহীন এই পরিস্থিতির মুখে পড়ে এখন মোদি ও তার দল বিজেপিকে মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে।
বিজেপির সবচেয়ে বড় দুই মিত্র চন্দ্রবাবু নাইডু (টিডিএম) ও নীতীশ কুমার (জেডিইউ) যথাক্রমে ১৬ ও ১২ আসন পেয়েছে। তুলনামূলকভাবে কম আসন পেলেও তাদের সমর্থন মোদির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যার ফলে ইতোমধ্যে এই দুই নেতা বিভিন্ন মন্ত্রণালয় ও স্পিকারের পদসহ নানা বিষয়ে মোদির সঙ্গে দরকষাকষি শুরু করেছেন।

