শেখ হাসিনার মন্তব্য ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০১:১৭ এএম
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য (বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি বানাতে "সাদা চামড়ার একজনের" প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে) নিয়ে প্রশ্ন করা হলে অভিযোগ প্রত্যাখান করে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয়। আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে একথা বলে থাকলে তা সঠিক নয়।
আর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের অব্যাহত হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, নোবেলজয়ী ড. ইউনূসের মামলাকে ঘিরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি আমরা। আমার দুশ্চিন্তাগ্রস্থ এই কারণে যে, ড. ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে।
সরকারের প্রতি ফের সতর্কবার্তা উচ্চারণ করে মিলার বলেন, আমরা এ বিষয় নিয়েও উদ্বিগ্ন যে, শ্রম এবং দুর্নীতি দমন আইনের কল্পনাপ্রসূত অপব্যবহার বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা বাংলাদেশ সরকারকে বারবার আহ্বান জানাই ড. ইউনূসের মামলার বিচারে যেন ন্যায় এবং স্বচ্ছতা বজায় রাখা হয়।
বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপ নিবে কীনা-এ প্রশ্নের জবাবে মিলার বলেন, নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম কোনো মন্তব্য করবেন না তিনি।
উল্লেখ্য, গত ২৩ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের এক বৈঠকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না, যদি আমি বাংলাদেশে কারও এয়ার বেজ করতে দিই, ঘাঁটি করতে দিই- তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব।" শেখ হাসিনা বলেন, "পূর্ব তিমুরের মত বাংলাদেশের একটি অংশ নিয়ে…তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিষ্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে।"
