মোদিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২:৪০ এএম
ফের ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (৪ জুন) নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
ওই চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয় হয়েছে। এ জন্য আমি বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। আপনার প্রত্যয়ী বিজয় তাদের আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। আমি আপনাকে আশ্বস্ত করছি, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ পাশে থাকবে। দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে। আমি ভারতের জনগণকে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানাতে চাই। আমি আগামী দিনে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
