Logo
Logo
×

সংবাদ

ভোটার খরায় চলছে শেষ ধাপের উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:০১ পিএম

ভোটার খরায় চলছে শেষ ধাপের  উপজেলা নির্বাচন

ময়মন‌সিং‌হের গফরগাঁও পৌরসভার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে পৌর এলাকার ২৩ নং সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। এই কেন্দ্রে মোট ভোটার ৩০৫১। এখা‌নে প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে ১৬৯ টি। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বললেন, এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। ব্যালট পেপার তালাবদ্ধ করে রেখেছি। পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। ভোটার যারা আসবে তারাই ভোট দিবেন। অন্য কিছু করার সুযোগ দিব না। 

এমন কথার সময়ই কেন্দ্রের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আবু বকর দুটি মোবাইল ফোন জব্দ করে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেন।

তিনি জানান, একজন চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টের ফোন এ দুটি। তিনি উল্টাপাল্টা করায় সাময়িকভাবে জব্দ করা হয়েছে। কেন্দ্রে কোনো অনিয়ম হতে দেব না। 

গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. খোরশেদুজ্জামান জানান, তার কেন্দ্রে ৩০৭৪ জন ভোটা‌রের মধ্যে ২ ঘন্টায় ভোট পড়েছে ৭০ টি। দুপুরের দিকে ভোট বাড়বে বলে তার ধারণা। 

রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নারী ভোটারদের জন্য। এই কেন্দ্রে বিশৃঙ্খলা বেশি। লাকী আক্তার নামের এক নারী স্বীকার করলেন, নিজের নাম না পেয়ে অন্য একজনের ভোট দিয়েছেন।  

সকাল ৯ টার দিকে উপজেলার পাগলা বাজারের একটি চায়ের দোকানের সামনে বসে ভোট নিয়ে আলাপ করছিলেন স্থানীয় কয়েকজন। ভোটে মানুষের আগ্রহ কম এমনটাই বক্তব্য তাদের মধ্যে। একজন কিছুটা গোপনীয়তার ঢঙ্গে বলছিলেন মানুষ ভোট দেবার জায়গা পাচ্ছে না। সবাই এক দলের প্রার্থী। এরপরও যারা কেন্দ্রে যাবে তারা যিনি অপেক্ষাকৃত রাজনীতিতে কম সক্রিয় তাকেই ভোট দিবেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিসাইডিং কর্মকর্তা আলাপকালে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা নিয়ে এক প্রকার দুঃখ প্রকাশ করছিলেন। বললেন দেশে এখন আর নির্বাচন নাই। মানুষ কেন ভোট দিতে আসবে। সে তো এর মধ্যে কোনো আনন্দ পায় না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন