কৃষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের গোপালগঞ্জে ৬২১ বিঘার ওপর প্রতিষ্ঠিত সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কটি। কৃষক মধ্যে রয়েছে চরম আতঙ্ক ও ভোগান্তি। এলাকার জমি ফেরত চাওয়ায় পুলিশ বাহিনী তাদের মারপিট করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি সরকারি রাস্তা দখল করে চলাচলে বাধা দেওয়া এবং পার্ক নির্মাণের সময় জোর করে জমি থেকে বালু উত্তোলন করায় অনাবাদি রয়েছে কৃষকের জমি।
এদিকে বেনজীরের অত্যাচারের বিষয়ে মুখ খোলায় ক্ষতিগ্রস্ত কৃষকের ওপর পুলিশি হয়রানি ও মারপিটের অভিযোগ উঠেছে। অপরদিকে গত বৃহস্পতিবার আদালতের নির্দেশের একদিন পরই গত শুক্রবার থেকে তি নদিন ধরে গভীর রাতে পুলিশ পাহারায় পিকআপে করে সাভানা পার্কের মালামাল অন্যত্র সরানো হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রত্যন্ত বৈরাগীটোল গ্রামের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষিকাজ। তাদের কৃষি জমি ভয় দেখিয়ে ক্রয় ও জবর দখল করে বেড়া দিয়ে আটকিয়ে বেনজীর আহমেদ ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।
র্যাব বাহিনীর প্রধানের দায়িত্বকালে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে সেখানে বালু ভরাটের জন্য বিলে অল্প পরিমাণ জমি কিনে বালু উত্তোলনের কাজ শুরু করেন। এরপর পাশের জমির মালিকেরা অনেকে বাধ্য হয়ে ভয়ে জমি বিক্রি করেন। আবার কারো জমি থেকে জোর করে বালু তোলা হয়। অন্যদিকে প্রভাব খাটিয়ে কৃষকের জমির ওপর সরকারি রাস্তা নির্মাণ করেন। তবে সেই রাস্তাটি বন্ধ করে রাখেন বেনজীরের লোকজন ।
এদিকে সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের খবরে ক্ষতিগ্রস্তরা মুখ খুলতে শুরু করে। ক্ষতিগ্রস্তরা তাদের জমি ফিরে পেতে সাংবাদিকসহ বিভিন্ন লোকজনের কাছে সত্য প্রকাশ করায় তাদের ওপর নেমে আসে পুলিশি হয়রানি ও নির্যাতন।
গত ১ জুন শনিবার রাত আটটার দিকে ক্ষিপ্ত হয়ে সদর উপজেলা উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামের সঞ্জয় বল (২৬), একই গ্রামের লিপন বাকচী (৪০), সাগর বল(২২) এবং মাঝকান্দী গ্রামের বিপ্লব বলকে (৩৫) পুলিশ এলোপাথাড়ি লাঠিপেটা করে। এসময় পুলিশ সঞ্জয় বলের মোবাইলটি ফোনটিও ভেঙ্গে ফেলে। এই ঘটনার পর তারাসহ গ্রামবাসী আতঙ্কে রয়েছেন।
গতকাল সোমবার হঠাৎ করেই সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। পুলিশের লাঠিপেটায় আহত সঞ্জয় বল বলেন, র্যাবের এবং পুলিশের প্রধান থাকাকালীন সময়ে বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে আমাদের ৩৩ শতাংশ জমি দখলে নিয়ে নেয়। পরে বিক্রির জন্য বাধ্য করা হয় আমাদের। এখনো সাত শতাংশ জমি তার দখলে রয়েছে। তিনি টাকাও দেননি আমাদের। ক্ষমতার ভয়ে আমরা কথা বলতেও সাহস পাইনি।
এছাড়া এলাকার কিছু কিছু কৃষকের জমি কিনে নেন এবং অনেকের জমি করে জোর করে পাশে মাটি কেটে ভাঙ্গনের সৃষ্টি করে। পরে পরে তারা বাধ্য হয়ে জমি বিক্রি করে দেয়। আবার অনেকের জমি কেনার কথা বলে টাকা না দিয়ে কৌশলে ঘোড়াতে থাকে। দলিলকৃত ৬২১ বিঘা হলেও বাস্তবে আরো কয়েক শত বিঘা জমি পার্কের দখলে নিয়েছে। এসব ছবি হিন্দু সম্প্রদায়ের লোকজনের।
বৈরাগীটোল গ্রামের চায়ের দোকানদার বাদল বল বলেন, ২০০৬ সালে ডুমরাশুর থেকে বৈরাগী টোল গ্রাম পর্যন্ত কাঁচা পাকা সড়ক নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে সরকারিভাবে বেনজীর আহমেদের প্রতিষ্ঠিত সাভানা পার্কের ভিতরে তার অফিস কক্ষ পর্যন্ত ১.৩ কিলোমিটার পিস ঢালাইয়ের একটি সড়ক সম্প্রসারণ করা হয়। কিন্তু ২০২১ সালে পার্কের সম্মুখে প্রধান গেট নির্মাণ করে সড়ক দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়।
সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের বিপ্লব বল বলেন, আমাদের বসতভিটার জমি কিনে নিতে চায়। কিন্তু আমি দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক বেড়া দিয়ে দখল করে নেয় বেনজীরের লোকজন। আমি আমার জমি ফেরত চাই।
সোমবার সকালে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে রিসোর্টে আসেন পুলিশ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। মুঠোফোনে তিনি জানান, সাভানা পার্কে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পের মতো ছিল। তবে এখনো আমরা ডিউটি করি। আদালত কর্তৃক মালামাল ক্রোকের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখনো কোনো কাগজপত্র পাইনি। কেন ডিউটি করেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে ডিউটি করি। তবে কোন সিনিয়র কর্মকর্তা এ নির্দেশ দিয়েছেন তা তিনি বলতে পারেননি।
পহেলা জুন রাতে ওই এলাকার চার জনকে মারপিটের কথা অস্বীকার করে তিনি বলেন, তারা জুয়া খেলছিল এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এবং তাদের ধাওয়া করি। তারা দৌড়ে পালাতে গিয়ে কিছুটা আহত হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বৈরাগীটোল গ্রামের তরুণ বলেন, এই এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে কোনো মুসলমানের বসবাস বা জমির মালিক নেই। তাই সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ কৌশলে আমার সাড়ে আট বিঘা জমি বেড়া দিয়ে আটকিয়ে দখলে নিয়ে নেয়। আমাকে এখনো পর্যন্ত কোনো টাকাও দেয়নি। জমিও দলিল করে দেইনি। জানি না এখন কী হবে? আমি এখন গণমাধ্যম বা কারো কাছে কিছু বলতে চাই না। কারণ বেনজীর আহমেদ বড় কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে কথা বললে আমার কি বিপদ হয় সেটাই আমি এখন ভাবছি।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম রাস্তা বন্ধ করে দেওয়ায় মানুষের অবাধ চলাফেরা করতে না পারার কথা স্বীকার করেন। তিনি বলেন, এ রাস্তাটি জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য করা হয়েছিল। ব্যক্তি স্বার্থে এটি নির্মাণ করা হয়নি। কিন্তু কেন এটি বন্ধ করা হলো আমরা তা খতিয়ে দেখব।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, সরকারিভাবে একটি রাস্তা নির্মাণের কথা শুনেছি। আদালতের অনুমতি নিয়ে রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা করবো।
