মহা বিপত্তিতে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিছুদিন আগেই তার বাড়ির ওপর চলেছে গুলি। এবার তার পানভেলের ফার্ম হাউজে গিয়ে এক তরুণী তাকে বিয়ে করার বায়না ধরেছেন।
সালমান তখন অন্য বলিউড তারকাদের সঙ্গে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টি চলছে প্রমোদ তরিতে। সেই তরি যখন ইতালি থেকে ফ্রান্সের পথে তখন ভারতে ভাইজানকে বিয়ের দাবিতে অনড় তরুণী। এই তরুণী আবার নাকি খুনের টোপ। বিষ্ণোই গ্যাং একের পর এক ছক কষে যাচ্ছে। ভাইজনকে হত্যা করবেই তারা।
২৪ বছর বয়সী তরুণীর দাবি, তিনি সালমান খানের অন্ধভক্ত। সালমানের সঙ্গে দেখা করতেই সেখানে হাজির হয়েছেন। পরে গ্রামের লোকজন খবর দেয় থানায়। লোকজন তার ভিডিও করে রাখতে ভোলেনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী অনবরত বলে চলেছেন, ‘আমি সলমন খানকে বিয়ে করতে চাই।’ এর কিছু সময় পরই পানভেলের তালুকা পুলিশ স্টেশনের অফিসাররা তাকে নিয়ে যায়।
শোনা গেছে, মানসিক চিকিৎসার জন্য কালাম্বলির এমজিএম হাসপাতালে ছিলেন তরুণী।
এদিকে বিষ্ণোই গ্যাং সম্পর্কে পুলিশ বলছে, বিষ্ণোই গ্যাং পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র এনেছিল সালমানকে হত্যার জন্য। হত্যার রেকিও নাকি করে ফেলেছিল তারা। পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ গণমাধ্যমকে এই খবর দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধনঞ্জয় সিং, তাপে সিং ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া, ওয়াসিম চিকনা ও জাভেদ খান।

