স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না, জানি না। জেনে বলতে হবে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছেন—এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে এবং শেষে যদি প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূল হত্যাকাণ্ডটি হয়েছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতেই হয়েছে। আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বন্দিবিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবে। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।’
আনারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। আর এ রকম একজন মাননীয় সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব, এটা তো হতে পারে না। কাজেই আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা চলছে। যাঁরা এ হত্যা করেছেন এবং হত্যার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আর যিনি নেপালে আছেন, তাঁকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্তকাজ চলছে।’

