Logo
Logo
×

সংবাদ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে চলছে মাইকিং

Icon

বাংলা আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৬:০৭ পিএম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে চলছে মাইকিং

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বইছে দমকা হাওয়া। নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। উপকূলবাসীকে সতর্ক করতে ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলায় জেলায় চলছে মাইকিং। 

রোববার (২৬ মে) সকাল থেকে বরগুনায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে বড়ইতলা ফেরি ঘাটের গ্যাংওয়ে। জেলায় দুর্যোগ মোকাবিলা ৬৭৩ টি আশ্রয় কেন্দ্র ও ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৩ লাখ ২১ হাজার ২৪৪ জন মানুষ আশ্রয় নিতে পারবেন।

এদিকে, রেমালের প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। বাগেরহাটের নদীতীরবর্তি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে প্রশাসন।

অন্যদিকে, রেমালের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখা হয়েছে।

রেমাল মোকাবিলায় নোয়াখালীর উপকূলীয় পাঁচ উপজেলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র, ৮ হাজার ৩৬০ জন স্বেচ্ছাসেবক ও ১০২টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

রেমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রোববার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বইছে।

একই অবস্থা বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন জেলায়। বরিশাল, চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। এছাড়া, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ মেডিকেল টিম গঠন, স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আজ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাতের দিকে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) - খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন