Logo
Logo
×

সংবাদ

রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৩:৩৬ এএম

রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে। এর আগে আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নেয়।

এদিকে, রেমালের প্রভাবে রাত ৮টার পর থেকে তেজগাঁও, বাড্ডা, ভাটারা, বারিধারা, গুলশান-২, বনানী ও শ্যামলী এলাকায় বৃষ্টি এবং আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বাতাস বইছে।

অন্যদিকে, নিম্নচাপ রেমালে পরিণত হওয়ার পর পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামকে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে উপকূলের কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। ঢাকার দিকেও মেঘ চলে এসেছে। আগামীকাল (রোববার) দুপুরের পর থেকে উপকূলীয় অঞ্চলে রেমালের প্রভাব শুরু হবে।’

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ‘এটি এখন যে অবস্থায় আছে, সেখান থেকে আরও শক্তি সঞ্চয় করে সিভিয়ার বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামীকাল (রোববার) সকালে। বিভিন্ন মডেল আমাদের দেখাচ্ছে যে এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল—পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের দ্বীপগুলোর মাঝ দিয়ে অতিক্রম করতে পারে। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার পর থেকে শুরু হবে সেটি।’ 

আবহাওয়া অধিদপ্তর বলছে, রেমালের প্রভাবে সারাদেশেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হবে। উপকূলের খুলনা, যশোর, সাতক্ষীরা,পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, বরিশাল— এসব জেলায় রেমালের সরাসরি প্রভাব থাকবে। এ ছাড়া কুষ্টিয়া, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার— এসব জেলায় বৃষ্টিপাত থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন