ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। আজ শনিবার (২৫ মে) রাত ৭টা ১০ মিনিটের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিডব্লিউওটি জানায়, ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে, নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদসংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। রাত ৮টা ৪০ মিনিটের দিকে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে উপকূলের কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। ঢাকার দিকেও মেঘ চলে এসেছে। আগামীকাল (রোববার) দুপুরের পর থেকে উপকূলীয় অঞ্চলে রেমালের প্রভাব শুরু হবে।’
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ‘এটি এখন যে অবস্থায় আছে, সেখান থেকে আরও শক্তি সঞ্চয় করে সিভিয়ার বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামীকাল (রোববার) সকালে। বিভিন্ন মডেল আমাদের দেখাচ্ছে যে এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল—পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের দ্বীপগুলোর মাঝ দিয়ে অতিক্রম করতে পারে। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার পর থেকে শুরু হবে সেটি।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, রেমালের প্রভাবে সারাদেশেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হবে। উপকূলের খুলনা, যশোর, সাতক্ষীরা,পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, বরিশাল— এসব জেলায় রেমালের সরাসরি প্রভাব থাকবে। এ ছাড়া কুষ্টিয়া, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার— এসব জেলায় বৃষ্টিপাত থাকবে।

