Logo
Logo
×

সংবাদ

শান্তিরক্ষীদের নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র বিভ্রান্তিমূলক: আইএসপিআর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৩:০৯ এএম

শান্তিরক্ষীদের নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র বিভ্রান্তিমূলক: আইএসপিআর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ডয়চে ভেলের একটি তথ্যচিত্রের প্রতিবাদ জানানো হয়েছে। ‘টর্চার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স’ শিরোনামে ডয়চে ভেলেতে প্রচারিত তথ্যচিত্রটি বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে শনিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডয়চে ভেলে প্রচারিত ‘জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে নির্যাতনকারীদের মোতায়েন’ শীর্ষক তথ্যচিত্রে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাই প্রক্রিয়া অনুসরণ করে। এই প্রক্রিয়ায় সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সেনাসদস্যদের মোতায়েন নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি এবং পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তথ্যচিত্রে উপস্থাপিত অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য নেয়নি ডয়চে ভেলে। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। তথ্যচিত্রে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল উদ্দেশ্য ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রায়, যা তথ্যচিত্রটির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নষ্ট করেছে।

আইএসপিআর জানায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৩১ জন বীর সেনা প্রাণ দিয়েছেন এবং ২৩৯ জন আহত হয়েছেন। জাতিসংঘের পতাকা সমুন্নত রাখার চেষ্টায় এটি একটি বিরল উদাহরণ। এ ছাড়াও গত তিন দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর শান্তিরক্ষীরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগমুক্ত, যা একটি দৃষ্টান্তমূলক অর্জন।

আইএসপিআর বলছে, আন্তর্জাতিক শান্তিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমগুলোর ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের নীতি মেনে চলা অত্যন্ত জরুরি। বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন এবং সংবাদ প্রচার বিশ্বব্যাপী শান্তিরক্ষী বাহিনীর বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা বহুলাংশে ক্ষুণ্ন করবে।

ডয়চে ভেলের তথ্যচিত্রে বলা হয়, চলতি বছরের মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৬ হাজার বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েন আছে। ১০০ এর বেশি র‍্যাব সদস্য শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন। তাদের মধ্যে ৪০ জনকে পাঠানো হয় জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি ২০১৯ সালে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নির্যাতনের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর।

এতে শান্তিরক্ষা মিশনে থাকা র‍্যাবের তিন সদস্যের নাম উল্লেখ করা হয়। এই তিন জন র‍্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন, তাদের মধ্যে দুজন র‍্যাবের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যচিত্রে গোয়েন্দা শাখার বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, 'র‍্যাবের এই ইউনিটটি বাংলাদেশজুড়ে টর্চার সেলের একটি নেটওয়ার্ক পরিচালনা করে। এসব সেলের কিছু সেফ হাউস রয়েছে, অন্যগুলো র‍্যাব কম্পাউন্ডের আড়ালে রয়েছে।' কিন্তু তা সত্ত্বেও তাদের ঝুঁকিতে থাকা বিভিন্ন বেসামরিক সম্প্রদায়কে সুরক্ষা দিতে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল বলে জানায় ডয়চে ভেলে।

তথ্যচিত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যান্ড্রু গিলমোর বলেন, 'জাতিসংঘের হাত দৃশ্যত বাঁধা'। তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, 'তখন অধিকাংশ শান্তিরক্ষী সুইডেন এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো থেকে আসত।'

কিন্তু সময়ের সাথে সাথে ১৯৯০ দশকের শুরুর দিকে স্নায়ুযুদ্ধের যখন সমাপ্তি ঘটছে, তখন মিশনগুলোর ভয়াবহতা দেখে পশ্চিমা সরকার শান্তিরক্ষা কর্মকাণ্ড থেকে ক্রমশ সেনা সরিয়ে নিতে শুরু করে। তার বদলে তারা অর্থ সহায়তা দেওয়ার বিষয় প্রাধান্য দেয়।

জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা আছে পশ্চিম ইউরোপের একটি দেশের একজন রাজনৈতিক সূত্র ডয়চে ভেলেকে জানান, গণতান্ত্রিক সরকারগুলোকে সেনাদের রক্তক্ষয় কতটা সহ্য করা যাবে তা বিবেচনায় আনতে হয়। তিনি ব্যাখ্যা করে বলেন, যদি জাতিসংঘের মিশনে পাঠানো সেনাদের মরদেহ ফিরতে শুরু করে, তখন সেই সরকারগুলোকে সংসদীয় তদন্তের মুখে পড়তে হয়।বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়, বলে জানান তিনি।

'ফলাফল, জাতিসংঘে খুব, খুব কম উচ্চপ্রশিক্ষণপ্রাপ্ত, পশ্চিমা আদর্শের সেনা কাজ করছেন,' বলেন অ্যান্ড্রু গিলমোর।

তিনি আরও বলেন, 'প্রায় কখনোই পর্যাপ্ত সেনা ছিল না। তার মানে এই নয় যে জাতিসংঘ বলতে পারে, "ঠিক আছে, আমরা এই দলটি নেব কারণ এই দেশ মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে কিংবা দুঃখিত, আপনাদেরকে আমরা নিতে পারছি না।"' 'জাতিসংঘের এটি করার সুযোগ নেই,' বলেন গিলমোর।

গিলমোর বলেন, 'এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আক্ষরিক অর্থেই শান্তিরক্ষীরা অনুপস্থিত থাকলে হাজার হাজার মানুষের প্রাণহানী হতে পারে। আর তখন আপনাকে সমন্বয় করতে হয় যে, হাজার হাজার লোকের মৃত্যুর চেয়ে দুই তিন জন 'মন্দ লোক' পাঠানো অপেক্ষাকৃত কম খারাপ বিকল্প হতে পারে।'

বাংলাদেশ বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তৃতীয় বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। জীবনের ঝুঁকি নিয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি ও স্থিতিশীলতা আনতে অবদানের জন্য দেশটি বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছে।

তথ্যচিত্রে বলা হয়, ২০১২ সালে শান্তিরক্ষীদের বেশ কয়েকটি যৌন নিপীড়ন কেলেঙ্কারির পর জাতিসংঘ তার কর্মীদের জন্য নতুন মানবাধিকার নীতি ঘোষণা করে।

সেই নীতি অনুসারে শান্তিরক্ষায় সেনা পাঠানো দেশগুলো সাধারণ ফোর্স কমান্ডার এবং তাদের সহকারীদের বাদে অন্যান্য সেনা সদস্যদের যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করে। এসব দেশকে প্রত্যেক সেনার জন্য প্রত্যয়ন দিতে হয় যে, তিনি মানবাধিকার লঙ্ঘন করেননি বা এমন কোনো অভিযোগও তার বিরুদ্ধে নেই৷

ডয়চে ভেলের প্রশ্নের জবাবে জাতিসংঘ লিখিতভাবে জানায়, 'প্রত্যেক ব্যক্তিকে যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় রিসোর্স নেই। তবে সেনা এবং পুলিশ সদস্য সরবরাহকারী দেশগুলোর সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে আমাদের একটি দীর্ঘস্থায়ী নীতি আছে।'

বাংলাদেশের ক্ষেত্রে, জাতিসংঘের মুখপাত্র বলেছেন, 'প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর, সুনির্দিষ্টভাবে র‍্যাব সদস্যদের মাধ্যমে, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা দ্বিপাক্ষিকভাবে দেশটির জাতীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত থেকে উদ্বেগ জানিয়ে আসছে।'

এদকিে ডয়চে ভেলের তথ্যচিত্র নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা প্রতিবেদনটি দেখেছি। আমাদের শান্তিরক্ষা বিভাগের সহকর্মীরা এ বিষয়ে যোগাযোগ করছেন এবং এই প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে একটি বিবৃতি দিয়েছি। আমরা আবারও জোর দিয়ে বলতে চাই যে মহাসচিব এমন সব কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠাতে অঙ্গীকারবদ্ধ, যারা দক্ষতা ও সততার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলেন। এসব মানদণ্ডের মধ্যে আছে মানবাধিকারের প্রতি সম্মান ও অঙ্গীকার।'

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন