মাসখানেক আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের পরিকল্পনা করেন আক্তারুজ্জামান ওরফে শাহীন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার পৌরসভার মেয়র সহিদুজ্জামানের ছোট ভাই। স্বর্ণ চোরাচালানের অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিলো আকাতারুজ্জামান ও আনারের।
আক্তারুজ্জামান খুনের জন্য স্পট হিসেবে বেছে নেন কলকাতাকে। আর পাঁচ কোটি টাকায় ভাড়া করেন খুনী সৈয়দ আমানুল্লাহকে। খুলনার বাসিন্দা আমানুল্লাহর প্রকৃত নাম শিমুল ভূঁইয়া। তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
ভাড়াটে খুনী আমানুল্লাহ তার কাজে সাহায্য করার জন্য সঙ্গী হিসেবে নেন মোস্তাফিজুর রহমান ও ভানভীর ভূঁইয়াকে। তাদের সঙ্গে জড়িত হয় জিহাদ ও সিয়াম নামে আরও দুজন।
খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তিনি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে গত ২৫ এপ্রিল কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন্স নামের একটি ট্রিপলেক্স ফ্ল্যাট ভাড়া নেন। ৩০ এপ্রিল সেই ফ্ল্যাট বুঝে পান তিনি। সেদিনই সবার আগে ফ্ল্যাটে ওঠেন জিহাদ ও সিয়াম।
একই দিন বাংলাদেশ থেকে আমানুল্লাহকে নিয়ে সেখানে যান আক্তারুজ্জামান। তাদের সঙ্গে ছিলেন শিলাস্তি রহমান নামের এক তরুণী। এই তরুণীকে ব্যবহার করা হয় হানিট্র্যাপ হিসেবে। অর্থাত তাকে টোপ হিসেবে ব্যবহার করে এমপি আনারকে ফ্ল্যাটে ডেকে আনা হয়।
খুনের ছক কষে ১০ মে বাংলাদেশে চলে আসেন আক্তারুজ্জামান। অন্যরা ফ্ল্যাটে থেকে যান।
পরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে শিলাস্তি নামের তরুণীকে দিয়ে প্রলুব্দ করা হয়। চিকিৎসার কথা বলে ১২ মে একাই কলকাতায় যান আনার। সেখানে তিনি ওঠেন বন্ধু গোপালের বাসায়। এই গোপালও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা পুলিশের।
পরদিন ১৩ মে গোপালের বাসা থেকে আনার যান নিউটাউনের ওই ফ্ল্যাটে। গোপালকে বলেছিলেন সন্ধ্যায় ফিরে আসবেন।
আক্তারুজ্জামানের ভাড়া করা ওই ফ্ল্যাটে যাওয়ার পর, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে খুন করা হয়। পরে কয়েক টুকরা করে, ব্যাগে ভরে, সরিয়ে নেওয়া হয় লাশ।
সিসিটিভির ফুটেজে খুনীদের আসা যাওয়া বিশ্লেষণ করে কলকাতার পুলিশ নিশ্চিত হয়েছে, খুন করা হয়েছে ১৩ মে রাতে। খুনের সময় সেখানে ছিলেন না শিলাস্তি রহমান। তবে আগে-পরে শিলাস্তি সেখানে আসা যাওয়া করেছেন।
সেই রাতেই এমপি আনারের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে খুনীরা গোপালকে মেসেজ পাঠান, তিনি ভিআইপিদের সঙ্গে আছেন, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন, গোপালের ফোন করার দরকার নেই।
১৫ মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশপথে ঢাকায় চলে আসেন। ১৭ মে ঢাকায় আসেন মোস্তাফিজুর, ১৮ই মে ফেরেন তানভীর। জিহাদ ও সিয়ামের অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।
এদিকে, এমপি আনারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে বাংলাদেশে থাকা তার পরিবার। এ নিয়ে তদন্তে নামে বাংলাদেশের পুলিশ। কলকাতা ফেরত যাত্রীদের সন্দেহের তালিকায় নিয়ে আমানুল্লাহ, শিলাস্তি ও তানভীরকে গ্রেপ্তার করে ডিবি।
পরে আমানুল্লাহর দেওয়া তথ্যগুলো বাংলাদেশ থেকে জানানো হয় কলকাতা পুলিশকে। কলকাতায় ১৮ মে একটি জিডি করেছিলেন গোপাল। তখন থেকে কলকাতার পুলিশও তদন্তে নামে। অবশেষে ২২ মে কলকাতার পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়। লাশ না পেলেও ফ্ল্যাটে মরদেহের কয়েকটি অংশ আর রক্তের দাগ থেকে এমপি আনারের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা।
আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি ২০ মে ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে চোরাচালানসহ অন্তত ২১টি মামলা ছিল। যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সেটা তুলে নেওয়া হয়।

