Logo
Logo
×

সংবাদ

আদম তমিজি ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৫:০৪ এএম

আদম তমিজি ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদম তমিজি হক। ছবি: সংগৃহীত

হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন টাঙ্গাইলের আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে চেক ডিসঅনারের দুটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন আদম তমিজিসহ পাঁচজনের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- আদম তমিজি হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, অপর স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি এন্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কেবিসি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সঙ্গে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে হক ফুড ১৯ লাখ ৪৫৩০০ টাকা বকেয়া করেন। আসামিরা এ বকেয়া টাকা পরিশোধের জন্য কেবিসি কোম্পানিকে দুটি চেক দেন। কিন্তু চেক দুটি ‘এডভাইস নট রিসিভড’ মন্তব্যে ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়। পরে কেবিসি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারী) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে মামলা করেন।

তি‌নি আরও জানান, বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনের আদেশ দেন। বৃহস্পতিবার (২৩ মে) ছিল মামলার ধার্য তারিখ। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন