শিলাশ্রী নামের এক তরুণীর নাম উঠে এসেছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যায়। লাশ গুমের পর থেকে এই শিলাশ্রী লাপাত্তা। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনের কোনো পর্যায়ে এই তরুণী সংশ্লিষ্ট। পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট করে বলতে পারছে না।
তদন্তে নেমে ঢাকা ও কলকাতা পুলিশ জানতে পেরেছে, আনোয়ারুল আজিমের হত্যার মূল পরিকল্পনাকারীর বান্ধবী এই শিলাশ্রী। তাঁকে নিয়েই কলকাতার বিধাননগরের নিউটাউনে ওই ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন খুনি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে ওই তরুণীকে ব্যবহার করা হয়।
তবে পুলিশ বলছে, এসবই প্রাথমিক তথ্য। সামনে এগোলে আসল রহস্য বের হয়ে আসবে। সূত্র বলছে, শিলাশ্রীর বাড়ি বাংলাদেশেই। এমপি খুনের পরিকল্পনাকারীর সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন তিনি।
ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর নামে ইন্টারপোলের রেড নোটিশও ছিল। ১১ মে তিনি দর্শনা-গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান।
বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম। কিন্তু ১৬ মে থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় ১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের জিডি করেন গোপাল বিশ্বাস।
আজ বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমে আনোয়ারুল আজিম খুন হওয়ার খবর আসে। বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, ১৮ মে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সংসদ সদস্যের পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করি।
তিনি বলেন, এর জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। এরপর গত ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। এরপর আজ ২২ তারিখে আমাদের কাছে একটি তথ্য আসে যে, তাকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্তকরণ করে। কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি সিআইডি জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি। আমরা কেসের তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।
অখিলেশ চতুর্বেদী আরো জানান, যে ফ্ল্যাটটিতে ওই সংসদ সদ্য এসে উঠেছিলেন, সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা (প্রবাসী বাংলাদেশি) আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে।
তবে তদন্তকারী দলের পক্ষ থেকে বাংলা আভাস দেওয়া হয়েছে, এমপি আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশেরই লোক বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে।
এদিকে এ বিষয়ে তদন্ত শেষ না হলে এবং পুলিশ সব বিস্তারিত না জানালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দিতে চাইছে না। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এমপি আনার যে কলকাতায় আসার পর হঠাৎই নিখোঁজ হয়ে গেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ সেটা তাদের জানানোর পর থেকেই তাকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দারাও এ ব্যাপারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে নিয়মিত যোগায়োগ রেখে চলছিলেন।
