Logo
Logo
×

সংবাদ

কলকাতার ওই ফ্ল্যাটে এমপি আনারের লাশ পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:০৬ পিএম

কলকাতার ওই ফ্ল্যাটে এমপি আনারের লাশ পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় নিউ টাউন এলাকায় যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে তার লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আনোয়ার আজিমের হত্যাকাণ্ড দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল, কলকাতা পুলিশ সেখানে লাশ পায়নি। কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বলবে। আমরা মিশনের মাধ্যমে খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ বিষয়ে বেশিকিছু বলা যাচ্ছে না।

আজ বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনাবলিং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট: অ্যা গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, ঘটনাটি দুঃখজনক। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এটি দুই রাষ্ট্রের বিষয় নয়।

সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক ডকুমেন্টরি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে, র‍‍্যাবের মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রমোশন হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ডকুমেন্টরিটি দেখে তারপর মন্তব্য করতে পারবেন।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ডিপার্টমেন্ট বা আইনের অধীনে তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তো দুর্নীতির কারণে; এটা তার ব্যক্তিগত দায়। এটি তো কোনও ইনস্টিটিউশনাল বিষয় নয় এবং সেখানে বলাও হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আমাদের ও ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই এমপি আনার ভারতে যান। তার পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল যে তার কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থা এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতে যাওয়ার ১০ দিন পর আজ বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার অ্যাপার্টমেন্ট সঞ্জিভা গার্ডেনে আনোয়ারুল আজিম আনারকে হত্যার তথ্য দেয় পুলিশ। এমপি আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জ আ.লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের আহাজারি  এমপি আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জ আ.লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের আহাজারি   

এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন। 

ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে এবং বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন