ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল যুবক তার গাড়িতে চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও রনি অক্ষত আছেন।
এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ করেছেন রনি। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পেশাদার সন্ত্রাসী বলে পুলিশকে নিজের ধারনার কথা জানিয়েছেন সাবেক এমপি।
গোলাম মাওলা রনি জানান, টিএসসির সামনে দিয়ে তোপখানা রোডে নিজের অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। তার গাড়ি যখন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পার হয়, তখন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের উল্টো পাশে ইউটার্নের ওখানে পাঁচ–ছয়জন যুবক হাতুড়ি ও আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে।
‘হাতুড়ি দিয়ে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে ফেলে তারা। এতে হতচকিত হয়ে চালক প্রথমে গাড়ি ব্রেক করেন। তারপর আবার দ্রুত টান মেরে ওই জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করেন। হাতুড়ি বাহিনী পেছনে ছোটে আর অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। চালক দ্রুত গাড়ি চালিয়ে ওই জায়গা ত্যাগ করেন। গাড়ির ভেতরে থাকায় আমরা কেউ আহত হইনি।’
পরে বিষয়টি ফোনে পুলিশকে জানিয়েছেন বলে জানান গোলাম মাওলা রনি। তিনি বলেন, এ ছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ফোনে বিষয়টি জানান।
রনি বলেন, এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে যে কাউকে চেনা যায়নি। গাড়ির সামনের অংশটা যে ভেঙেছে, তাকে দেখলে হয়তো চিনতে পারব। আমার চালকের ভাষ্য, আরও যে তিন-চারজন দাঁড়িয়ে ছিলেন, তাদের বয়স প্রায় ৪০ বছর, চোখ লাল। তাদের পেশাদার সন্ত্রাসী মনে হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমান জানান, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছেন। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

