আহত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ
জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলা হয়েছ। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের সাথে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর জখম করে।
নেতাকর্মীরা জানান, শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত ছাত্রদলের সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক জানান, রাতে তারা শিল্পকলা একাডেমির উল্টা পাশের ফুটপাতে চা পান করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন সেখানে এসে শ্রাবণের সঙ্গে কথা বলতে থাকে। এক পর্যায়ে শ্রাবণকে মারধর শুরু করে। লোহার পাইপ, হাতুড়ি ও চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে তিনি জানান।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক গণমাধ্যমকে জানান, রাতে শিল্পকলা একাডেমির গেটের বিপরীত পাশে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শ্রাবণের সারা শরীরে মারধরের জখম রয়েছে। ঝলকের মাথাসহ শরীরে জখম রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, কী বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

