Logo
Logo
×

সংবাদ

আন্তর্জা‌তিক শান্তি পদক দেবে সরকার, ভাবনায় নো‌বেল‌কে টেক্কা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০১:০৪ এএম

আন্তর্জা‌তিক শান্তি পদক দেবে সরকার, ভাবনায় নো‌বেল‌কে টেক্কা

বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মার্কিন ডলারের দাম বৃদ্ধির জন্য নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য নিয়ে অশান্তি বিরাজের মধ্যেই আন্তর্জাতিক শান্তি পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। পদকের নাম দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শান্তি পদক’।  আজ সোমবার (২০ মে) এ শান্তিপদক প্রদানের লক্ষ্যে  নীতিমালা ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায় ।  

এর আগে পদকের সাথে আর্থিক বিষয় জড়িত থাকায় অর্থ বিভাগের মতামত নেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছিলেন।

সূত্র জানায়, শান্তিতে নোবেল পুরস্কারের সাথে টেক্কা দিতে এই পুরস্কারের প্রবর্তন করতে চাচ্ছে সরকার। এ জন্য শান্তিতে নোবেল পুরস্কারের চেয়েও এ পুরস্কারের আর্থিক মূল্য বেশি নির্ধারণ করার শর্ত যুক্ত করে দেওয়া হয়েছিল। বর্তমানে নোবেলজয়ীদের নগদ অর্থ দেওয়া হয় ১১ লাখ মার্কিন ডলার, মানে ১২ কোটি টাকার বেশি। এই পদক প্রতি দুই বছর পর পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রদান করা হবে। পদক বিজয়ীরা সম্মাননার সঙ্গে ৫০ গ্রাম স্বর্ণের ক্রেস্ট ও এ ১১ লাখ মার্কিন ডলার বা ১১ কোটি ৭০ লাখ টাকা পাবেন।  

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার চাইছে আন্তর্জাতিকভাবে চরম সংকটে পরা ইমেজ উদ্ধারে এ পদককে ব্যবহার করতে। ‌‌‌দুই দিন আগে ইন্ডিয়ার আম আদমি দলের নেতা ও  দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানুয়ারি মাসের বাংলাদেশের অবৈধ নির্বাচনী করা বিষয়ে বোমা ফাটান। 

তিনি নির্বাচনী জনসভায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের লোকজনকে জেলে ঢুকিয়ে জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরসহ মন্ত্রীসভার সদস্যরা আন্তর্জাতিকভাবে খুবই লজ্জাজনক অবস্থা পড়ে গেছে। এর অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত এ শান্তি পদক প্রদানের আয়োজন করতে চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

দিল্লীর নির্বাচনী সভায় কেজরিওয়াল আরো মন্তব্য করেছেন, রাশিয়ার পুতিন, বাংলাদেশের শেখ হাসিনা ও পাকিস্তানের মতো নির্বাচন করে ভারতে মোদী জিততে চান । তিনি বলেন, রাশিয়ার নাম শুনেছেন? রাশিয়া, পুতিন, পুতিন কী করেছে, যারা বিরোধী মতের নেতা ছিল, তাদের সবাইকে জেলে পুরেছে নাই মেরে দিয়েছে (খুন করেছে)। যাতে কেউ কিছু করতে না পারে। ৮৭ শতাংশ ভোট পেয়েছে। যখন বিপক্ষ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেনি, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সব ভোট তো আপনিই পাবেন। বাংলাদেশেও তাই হয়েছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়েছে, শেখ হাসিনা জিতে গেছে। পাকিস্তানেও একই কাজ হয়েছে।

মোদীও ভারতে একই কাজ করতে চান উল্লেখ করে দিল্লির এই মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢোকানো হয়েছে। তার পার্টিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে। জিতে গেছে। মোদীজি আমাদের (ভারত) দেশকে পাকিস্তান আর বাংলাদেশ বানাতে চান।

আন্তর্জাতিক ইমেজ সংকট থেকে বেড়িয়ে আসতে সরকার চলতি অর্থবছর থেকেই এই পদক দিতে চেয়েছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে তা সম্ভব না হওয়ায় আগামী অর্থবছর থেকে তা বাস্তবায়ন করার জন্য আজ মন্ত্রীসভা এই পদকের নীতিমালার অনুমোদন দেয়।

সূত্রটি জানায়, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়েছিল। তাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক ২৩ মে দেওয়া হবে। তবে ১৯২০ সালের ১৭ মার্চ তার জন্ম দিন। এ জন্য ১৭ মার্চ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এই পুরস্কার দেওয়া হবে তিন ক্যাটাগরিতে। তা হচ্ছে, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। পুরস্কার হিসেবে নগদ অর্থের সঙ্গে স্বর্ণের মেডেল দেওয়া হবে।

জানা গেছে, বাছাই কমিটি এবং মনোনয়ন কমিটির পর কে বা কোন প্রতিষ্ঠান আর সংস্থা পুরস্কার পাবে তার চূড়ান্ত অনুমোদন প্রধানমন্ত্রী নিজের হাতে রাখবেন। আর পুরস্কার গ্রহীতা চাইলে বঙ্গবন্ধুর ওপর স্মারক বক্তৃতাও দিতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অশান্তি বিরাজ করছে । বিতর্কিত ও একতরফা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী মতের ২৫ হাজার নেতা-কর্মীকে জেল রাখা হয়েছিল। যা জাতিসংঘ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে। বন্দীদের মধ্যে ১৮ জন কারা অন্তরীণ অবস্থায় মারা গেছেন। এছাড়া গুম-খুনের দায়ে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আর নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া আছে ভিসা নিষেধাজ্ঞা। এসব পাশ কাটিয়েই সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক চালু করতে যাচ্ছে।

এদিকে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম সাত টাকা বৃদ্ধির করেছে। এর ফলে দেশের সাধারণ মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস অবস্থা। তারা চরম অশান্তিতে জীবনযাপন করছে। জনগণকে চরম আতঙ্কে রাখায় তারা প্রতিবাদও করতে পাছে না।

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি আবার ১০ শতাংশের ওপরে উঠেছে। গত মাসে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ১০ দশমিক ২২ শতাংশে উঠেছে। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তার আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ চার মাস পর খাদ্যে মূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়িয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে এ হার ২০ শতাংশের ওপরে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন