ইলেক্ট্রোলাইট ড্রিংকস 'রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। অনুমোদন ছাড়া এসব পণ্য বিক্রি করায় বিশুদ্ধ খাদ্য আদালত এই রায় দেন। সেই সঙ্গে উৎপাদনকারী গোলাম মোস্তফাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন বলে নিরাপদ কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান জানান। তিনি বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হয়ে জামিন চান গোলাম মোস্তফা। এ সময় তিনি তার দোষ স্বীকার করে নেন। পরে আদালত তাকে জরিমানা করে জামিন মঞ্জুর করেন।
এর আগে একই দিন সকালে দোষ স্বীকার করে জামিন চান এসএমসি প্লাস বাজারজাতকারী কোম্পানি একমির মালিক তানভীর সিনহা। পরে তাকে ১৬ লাখ টাকা জরিমানা করে জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় তানভীর সিনহা বলেন, এতে তাদের দোষ নেই। কারণ, তারা জানতেন না এটার লাইসেন্স নেই।
এরও আগে গত ১৬ মে অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রির কথা স্বীকার করায় এসএমসি প্লাসের আরেক কর্ণধার ওয়ালিউল ইসলামের জামিন মঞ্জুর করে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
গত মঙ্গলবার বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
