রোহিঙ্গা সংকট
সহসা সমাধানের পথ দেখছে না সরকার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৯:০২ পিএম
রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক ও বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। প্রায় চার দশক আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন বাংলাদেশের বিষফোড়া। মিয়ানমারের জান্তা সরকার তাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও আদতে তারা তা আন্তরিকভাবে চায় না। তাই এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এর জন্য ভারত ও চীনের সহায়তা প্রয়োজন।
রবিবার (১৯ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা ক্রাইসিস: দ্য ফিউচার রোড এহেড শিরোনামে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ওকাব আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মানিত অতিথির বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহরিয়ার আলম। এছাড়া প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক ও রাজনৈতিক এ দুটি পথেই কাজ করছে। আমরা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে গাম্বিয়ার মাধ্যমে মামলা করেছি। এ পর্যন্ত যতটুকু অগ্রগতি তা আমাদের পক্ষেই এসেছে। গাম্বিয়া কর্তৃপক্ষ বলেছে, খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ রায় আসবে। ওই রায় প্রকাশিত হওয়ার পর মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে চাপে পড়বে।
সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রোহিঙ্গা সংকট সমাধানে বেশ কিছু পরামর্শ দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারাও এই সংকট সমাধানের পক্ষে। ডোনাল্ড লু এ বিষয়ে বেশ কিছু সাজেশনস আমাকে দিয়েছেন। তবে সেগুলো এখানে উল্লেখ করছি না।
রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ দুটি আমাদের ও মিয়ানমারের মধ্যে যথেষ্ট প্রাসঙ্গিক। তাই তাদের সহযোগিতা ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয়।
মিয়ানমারের জান্তা সরকারের অবস্থা ভালো নয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশটির সেনা বাহিনী, পুলিশের সদস্যরা আমাদের দেশে পালিয়ে আশ্রয় নিচ্ছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের আমরা ঠেলে দিতে পারি না। তবে তাদের মধ্যে জাতিগত সংঘাত বেশ পুরোনো এবং এটি কখনোই পুরোপুরি বন্ধ হবে বলে মনে নয় না। তাই অভ্যন্তরীণ সংঘাতের অযুহাত দিয়ে তারা যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেকে নিষ্ক্রিয় না হয়ে পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখছি।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি এখন ৭ বছরের নয় চার দশকের সংকট। দেশে এখন প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ক্যাম্পগুলোতে তারা পতিতাবৃত্তি, মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে।
রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে নানা সময় গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয় উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মানবিক ও রাজনৈতিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলো। কিন্তু তাদের যাবতীয় ভরণপোশনের দায় জাতিসংঘের। বাংলাদেশ সরকার কেবল বাজেট দেয়। সে অনুযায়ী বাজেট দেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
পূর্বে জন প্রতি মাসে ১২ ডলার করে বরাদ্দ ছিল উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছর সে বরাদ্দ কমে ৮ ডলারে গিয়ে ঠেকে। তবে এ বছর থেকে সে বরাদ্দ আবার বাড়বে। ১০ ডলারের উপরে গিয়ে পৌঁছতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সহসাই হবে বলে মনে হয় না। এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে মিয়ানমারে সরেজমিন সফর ও বাংলাদেশে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের উদ্যোগ নিতে ওকাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
ইকবাল সোবহান চৌধুরি বলেন, জান্তা সরকার কূটনৈতিক উদ্যোগে গা লাগায় না। এ বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তুলতে হবে। এ সংকটের আশু সমাধান না হলে সেটি আমাদের জন্য বড় রকমের ঝুঁকি সৃষ্টি করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে ৭৫ শতাংশ নারী ও শিশু। যাদের ৫০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। প্রতি বছর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩০ হাজারের মতো শিশু জন্মে থাকে। এটি আমাদের মতো একটি ছোটো দেশের জন্য বড় রকমের বোঝা।
মিয়ানমার সমস্যাকে পৃথিবীর অন্যতম সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সেখানকার অবস্থা জানা সরকারের নিয়ন্ত্রণে নেই। এই সমস্য সমাধানে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলত প্রয়োজন তবে আপাত দৃষ্টিতে তা খুবই কঠিন। এ কারণে এই সংকট নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না।
ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে রোহিঙ্গা ইস্যুটি অনেকটা চাপা পড়ে গেছে মন্তব্য করে অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আন্তর্জাতিক ভাব আবারো সামনে আনতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।
