ভারত বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া পচনশীল পণ্যবাহী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
