হাজিদের জন্য ডিজিটাল পরিচয়পত্র চালু করল সৌদি সরকার
এ বছর হাজিদের জন্য ডিজিটাল পরিচয়পত্র চালু করল সৌদি আরব। যারা হজ করার উদ্দেশ্যে দেশটিতে পৌঁছাচ্ছেন তাদের এই পরিচয়পত্র দেওয়া হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, তাদের ভিশন ২০৩০ পূরণের অংশ হিসেবে এই ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও উমরাহ মন্ত্রণালয় এবং সৌদি তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ।
এ বছর হজ ভিসা দেওয়ার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। এবার ভিসায় কেবল জেদ্দা, মদিনা ও মক্কা ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
নির্ধারিত তিন শহরের বাইরে ভিসা বৈধ হবে না। কাজের জন্য কিংবা দেশটিতে বসবাসের জন্য এই ভিসা কাজ করবে না। এই ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্য বৈধ হবে বলেও জানানো হয়েছে।
বিধিনিষেধ লঙ্ঘন করলে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে হজে অংশ নিতে সম্ভাব্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলেও জানানো হয়েছে।

