হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ৯ মে শুরু হয়। আর হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের শেষ হয়েছে গতকাল শনিবার (১১ মে)। তবে এখন পর্যন্ত ভিসা পাননি ১১ হাজার ১৬৭ জন হজযাত্রী। সৌদি সরকার যদি সময় না বাড়ায় তবে তাদের চলতি বছর হজে যাওয়া অনিশ্চয়তায় পড়বে।
হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান জানান, রবিবার (১২ মে) সকাল ১০টা পর্যন্ত সর্বমোট ভিসা পেয়েছেন ৭২ হাজার ১৩৮ জন। আর ২৫৯ জনের ভিসা প্রিন্টের অপেক্ষায় রয়েছে। সে হিসেবে এখনও ভিসা পাননি ১১ হাজার ১৬৭ জন। এর আগে শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়, ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে।
হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘যারা নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পান নাই তাদের জন্য নতুন করে ভিসার আবেদন করা হয়েছে। এখনও ভিসা অনলাইন সিস্টেম চালু আছে। আশা করছি দুয়েক দিনের মধ্যে সবার ভিসা হয়ে যাবে।’ ভিসার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটি আজ রবিবার বা সোমবারই জানা যাবে।
এদিকে তৃতীয় দফায় ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকল হজযাত্রীর ভিসা হওয়ার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। আমরা সৌদি সরকারের ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করছি, ভিসা আবেদনের সময় বাড়বে।
মু. আ. হামিদ জমাদ্দার আরো বলেন, বেশিরভাগ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যায়। এজেন্সিগুলো বারবার তাগাদা দেওয়ার পরও তারা সৌদিতে বাড়ি ভাড়া করতে পারেনি। শেষ পর্যন্ত তা মন্ত্রণালয়ের ওপর এসে বর্তায়। তবে ‘ভারত ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশ ভিসারপ্রাপ্তির ক্ষেত্রে আমাদের চেয়েও পিছিয়ে আছে। তাই সৌদি সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে সময় বাড়াবে বলেই আশা করছি।’
এদিকে হজ পোর্টালের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রবিবার সকাল ১০টা পর্যন্ত সর্বমোট ১১ হাজার ১৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন হজ করতে যাবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ যাচ্ছেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ৯ মে শুরু হয়। ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
