রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না সৌদি: স্বরাষ্ট্রমন্ত্রী
যেসব রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইতিপূর্বে সৌদি আরবে গিয়েছেন দেশটি তাদের ফেরত পাঠাবে না। তবে পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে হবে। তাদের পাসপোর্ট বাংলাদেশি হিসেবেই নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার (১২ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (রোহিঙ্গা) বিষয়ে আলাপ-আলোচনা করতেই দেশটির মন্ত্রী ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশি হিসেবেই পাসপোর্ট নিয়ে সৌদি গিয়েছেন উল্লেখ করে মন্ত্রী জানান, তাদের পাসপোর্টে যে ঠিকানা রয়েছে, সেগুলো সেরকমই থাকবে। আমরা কেবল নবায়ন করে দিব। তাদের কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো ঠিক করে দিব। এসব রোহিঙ্গাদের তারা ফেরত পাঠাবে না। আবার সৌদি নাগরিকত্বও দেবে না। তারা সেখানে কীভাবে থাকবে? সে কারণে তাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলো আমরা সমাধান করে দিব।
দ্বিপক্ষীয় ওই বৈঠকে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলাপ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তাদেরও আমরা বলেছি, আমাদের এখানে পাঠান। তাহলে আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি বৃদ্ধি পাবে। দুই দেশের মধ্যে সিকিউরিটি সার্ভিস তাদের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে।
তিনি বলেন, তারা প্রস্তাব করেছে বন্দী বিনিময় চুক্তি নিয়ে। পৃথিবীর অনেক দেশের সঙ্গেই আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আমরা মনে করি এই চুক্তি হলে আমাদের সুবিধা। আমরা লাভবান হবো। আমরা বাংলাদেশ থেকে তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার সদস্য প্রেরণের কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে, এটি তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। আপনার জানেন আনসারে আমরা গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, ভিআইপি প্রটেকশনের জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা রোহিঙ্গা বিষয়ে কথা বলেছি। তারা এটা খুব গুরুত্বের সঙ্গে সব সময় চিন্তা করে। তাদের কীভাবে দেশে ফেরত পাঠানো যায় সেটা নিয়ে তারাও কাজ করছে বলে আমাদের তারা জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, মধ্যপ্রাচ্যের ২-৩টা দেশের সঙ্গে কূটনৈতিক ও অফিসাল ভিসা ওয়েভার রয়েছে। আমরা বলেছি, তোমাদের সঙ্গেও আমরা সেটি করতে চাই। তারা এখানে সম্মত হয়েছে। গ্রাউন্ডওয়ার্কের জন্য হয়তো তারা সময় নিবে। হজ নিয়ে আরো সুন্দর ব্যবস্থা হয়েছে আমাদের দেশেই এখান ইমিগ্রেশন চালু হয়েছে। এখানে ইমিগ্রেশন করে আর অপেক্ষা করতে হয় না। সরাসরি বাসে উঠে যায়। তারা রোড টু মক্কা নামে একটা প্রজেক্ট চালু করেছে। হজের ব্যবস্থাটা আরো সুন্দর হয়েছে। আমরা আশা করি আমাদের হজ যাত্রী যারা রয়েছেন। তারা এই সুযোগটা উপভোগ করবেন।

