আজীবন মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন বামপন্থি নেতা হায়দার আকবর খান রনো। মৃত্যু আগেও ভেবেছেন মানুষের কথা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই উপদেষ্টা মৃত্যু আগে দান করেছেন দুটি চোখ। তাঁর দান করা কর্নিয়া দুটি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। মারা যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর চোখ দুটি সংগ্রহ করে সংগঠনটি।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী জানান, রবিবার দুপুরে ঢাকায় তাদের তত্ত্বাবধানে দুজন দৃষ্টিহীনের চোখে অস্ত্রোপচারে করে বসানো হবে রনো এই কর্নিয়া। তাদের সেটি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ৪-৫ জনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। কর্নিয়া নিতে ইচ্ছুক ব্যক্তিরা রবিবার আসবেন। তখন যাচাই-বাছাই করে যাদের প্রয়োজন এমন দুজনকে দেওয়া হবে।
কর্নিয়া দুটি এখন আই ব্যাংকে আছে জানিয়ে তিনি বলেন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা হবে। সবকিছু শেষ করে সার্জনদের কাছে হস্তান্তর করা হবে, উনারা সেগুলো প্রতিস্থাপন করবেন।
বাংলাদেশের ১৪ লাখ দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে অন্তত ৫ লাখ কর্নিয়াজনিত সমস্যায় ভুগছেন। কর্নিয়া দানে অনীহার কারণে লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে না।
