সম্পর্ক এগিয়ে নেবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত, আশা পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ: ১১ মে ২০২৪, ০১:৫২ এএম
মেয়াদ শেষ হয়ে আসছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড স্লেটন মিল। ইতিমধ্যে তাকে এ পদের জন্য মনোনয়ন দিয়েছে বাইডেন প্রশাসন। কিছু দিনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে এসে যোগ দিবেন বলে জানা গেছে।
এদিকে তার এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মিল কাজ শুরু করলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন এই মন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন বলে জানতে পেরেছি। আমি এ মনোনয়নকে স্বাগত জানাই। আমার বিশ্বাস নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
এ সময় সম্প্রতি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্নোত্তরের বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো। বিশ্বের কোনো দেশেই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ দমন করছে, সেটি আমরা টিভির পর্দায় দেখছি। ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে নাগরিক আন্দোলনকে কীভাবে পুলিশ দমন করছে, সেটিও আমরা দেখছি। সব দেশেরই উচিত মানবাধিকার উন্নয়নে একযোগে কাজ করা। আমরাও আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে মানবাধিকার উন্নয়নে কাজ করতে চাই।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে বক্তব্য দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহরিয়ার আলম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে ফোসার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
প্রসঙ্গত, নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিশেষজ্ঞ। বর্তমানে তিন চীনে যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন হিসেবে কর্মরত রয়েছেন। ডেভিড মিল, মন্ত্রী-কাউন্সেলর পদমর্যাদার সিনিয়র ফরেন সার্ভিসের একজন কর্মজীবন সদস্য, বর্তমানে চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই ভূমিকার আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।
অন্যান্য পদের মধ্যে তিনি ওয়াশিংটন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফরেন সার্ভিস ইনস্টিটিউটে নেতৃত্ব ও ব্যবস্থাপনা স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি বিষয়ে অতিরিক্ত দায়িত্ব রয়েছে তার।
