সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা আজ রবিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ছিটানো শুরু করেছে বিমানবাহিনীটি। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় বলে জানিয়েছেন মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে সকাল ৯টায় বনরক্ষী-ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনী। সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী। গতকাল শনিবার বনে আগুন লাগে। আজ ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই আগুন দ্বিতীয় দিনের মতো আজও জ্বলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, সকাল থেকে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে কোস্টগার্ড, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সবাই আগুন নেভাতে কাজ করছে। দুপুর সাড়ে ১২টা থেকে বিমানবাহিনীর একটি দল যোগ দেয়। পরে তারা তাদের হেলিকপ্টার থেকে পানি ছিটানো শুরু করে। এখণ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করছি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
