সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সিলেটের পরিস্থিতি পুরো উল্টো। দেশের অন্যান্যা অঞ্চলে বৃষ্টির জন্য হাহাকার চললেও সিলেটে ইতোমধ্যে বৃষ্টির দেখা মিলেছে। উজানের ঢল আর বৃষ্টিতে সিলেটে গ্রীষ্মেই বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রবিবার থেকে সিলেটে বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পাহাড়ি ঢলে সিলেটের ওপর দিয়ে বয়ে চলা নদ-নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। আরও কয়েকটি পয়েটে বিপদসীমা ছুঁইছুঁই করছে।
মার্চ-এপ্রিলের দিকে সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসামে প্রচুর বৃষ্টিপাত হয়। এসব এলাকার বৃষ্টির পানি পাহাড়ি ঢলের আকারে পানি নেমে আসে সিলেটের ওপর দিয়ে। এতে এই এলাকার হাওরসহ নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়।
সিলেট অঞ্চলে অসময়ের এই বন্যা অকাল-বন্যা নামে পরিচিত। বিভিন্ন বছর এই অকাল-বন্যার কারণে সিলেট বিভাগের হাওরাঞ্চলের বোরো ধান তলিয়ে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে স্বস্তির খবর হলো, এবার হাওরাঞ্চলে ধান কাটা প্রায় শেষ হয়ে এসেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের তথ্যমতে, ভারতের মেঘালয় রাজ্যে কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এতে ঢল নেমে সিলেটের নদ-নদীগুলোয় পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারই দুটি পয়েন্টে নদীর পানি শুষ্ক মৌসুমের বিপদসীমা অতিক্রম করেছে।
এদিকে কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃদ্ধি পেয়েছে উপজেলার নদ-নদীর পানি। এর মধ্যে ডিবির হাওর ও কেন্দ্রী হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। দুই হাওরে তলিয়ে গেছে বোরো ফসল।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘উপজেলার প্রায় ৯৮ শতাংশ ফসল কাটা শেষ হয়েছে। ফলে পানি বৃদ্ধি পেলেও ফসলের ক্ষতি হওয়ার তেমন কোনো শঙ্কা নেই। উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
