Logo
Logo
×

সংবাদ

তাজউদ্দীন মেডিকেল ভবনের ফাঁক গলে পড়ে রোগীর মৃত্যু

Icon

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:৪৩ পিএম

তাজউদ্দীন মেডিকেল ভবনের ফাঁক গলে পড়ে রোগীর মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলার নামাজের কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান থেকে পড়ে জিল্লুর রহমান (৭০) নামের এক রোগী মারা গেছেন। গত শুক্রবার রাতে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমান গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। 

মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, জিল্লুর রহমান হাসপাতালের মেডিসিন বিভাগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। তিনি শয্যা না পাওয়ায় হাসপাতালের ১২ তলার বারান্দায় থাকতেন। তার স্ত্রী ধূমপান পছন্দ করতেন না। তাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পাশের নামাজের কক্ষে গিয়ে ধূমপান করছিলেন। রাত পৌনে ১১টার দিকে মাথা ঘুরে ওই কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে তিনি ১২ তলা থেকে ১০ তলায় পড়ে যান।

তবে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা অভিযোগ করেন, এ মৃত্যুর জন্য  হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। ওই কক্ষের দেয়ালের পাশে থাকা ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনাটি ঘটত না।  

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ফাঁকা স্থানটির বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এ ঘটনা তদন্তে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিনকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

তবে জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসিডিও শাওন চৌধুরী বলেন, হাসপাতালের ‘ইলেকট্রিক ডাক্ট’ হিসেবে লম্বালম্বি দেড়/দুই ফুট প্রস্থের স্থানটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু স্থানটি এভাবে উন্মুক্ত থাকার কথা নয়, সংরক্ষিত এলাকা হিসেবে আবদ্ধ থাকার কথা। দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি সরেজমিনে দেখতে তিনি হাসপাতালে যাচ্ছেন বলেও জানিয়েছেন। 

গাজীপুর সদর থানার ওসি মো. রফিউল করিম রাফি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন