কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ করেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি বেশি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সালেহ মো. রায়হান বলেন, বকেয়া পরিশোধের দাবিতে সকাল ৮টা ৩৫ মিনিটে কারখানার কয়েকশ’ শ্রমিক সৈনিক ক্লাবের কাছে মহাখালী থেকে বিমানবন্দরগামী সড়ক অবরোধ করে রাখে। পরে বেলা ১১টার পর পুলিশের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেন শ্রমিকেরা। তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য অপেক্ষা করছেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বিনা নোটিশে নেপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। তাদের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
