শিখনেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় তিন ভারতীয়কে আটক করেছে কানাডা। এই হত্যার সঙ্গে ভারত সরকার জড়িত থাকতে পারে বলে কানাডা সন্দেহ করে আসেছে। সন্দেহের কারণে গত বছর জুনে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সংকট তৈরি হয়।
গ্রেফতার তিনজন হলেন করন ব্রার (২২), কামাল প্রীতি সিং (২২) ও করন প্রীতি সিং (২৮)। তারা আলবার্টার এডমনটন এলাকায় বসবাস করতেন। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
নিজ্জর (৪৫) কানাডার ভ্যাংকুভার শহরতলিতে মুখোশধারীর বন্দুকের গুলিতে গত বছর ১৮ জুন কানাডার সারে এলাকায় খুন হন। ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে বক্তব্য দেন। ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
কানাডার পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজন তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছেন। তারা ভারত সরকারের সঙ্গে জড়িত কি না তা তদন্ত করছে পুলিশ। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডে হয়তো অন্য অনেকেও জড়িত ছিলো। তাই আরও কেউ গ্রেফতার হতে পারে।
নিজ্জর পাঞ্জাব থেকে বিচ্ছিন্ন করে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্রগঠনের আন্দোলনে নেতৃত্ব দিতেন। তিনি প্রকাশ্যেই খালিস্তান আন্দোলনের পক্ষে প্রচার চালাতেন। উনিশ সত্তরের দশকে শিখরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে ভারতে। পরে তা কয়েকটি দেশের বড় শিখ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।
বিদেশে ভারতীয় দূতাবাসের সামনেও সমাবেশ করে তারা, যা ভারতকে বিব্রত করে। এ কারণে ভারত বিদেশে অবস্থানরত শিখদের হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। ভারত নিজ্জরকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে।
নিজ্জর খুনের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, ‘কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জরকে হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে।’ কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জরকে আগেই সতর্ক করেছিল বলে জানান ট্রুডো।
ভারতীয় গণমাধ্যম বলছে, নিজ্জর স্বাধীন শিখ রাষ্ট্রের দাবিতে একটি গণভোট আয়োজনের জন্য কাজ করছিলেন। কিন্তু সে কাজে তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি।
