সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে বলে সতর্ক করেছে পাউবো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড)। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলে অল্প সময়ের জন্য বন্যা বা বন্যা-পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরগুলোতে চলছে বোরো মৌসুম। ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। প্রতিবছর বোরো ধান কাটার মৌসুমে বন্যার আশঙ্কা থাকে।
বৃহস্পতিবার (২ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে রেকর্ড ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়। জেলার জৈন্তাপুর উপজেলায় সারিগোয়াইন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। উপজেলার নিম্নাঞ্চলে বন্যা হয়। এরপর এ অঞ্চলের সব নদ-নদীতে পানি বাড়তে থাকে। শুক্রবার সকাল ৯টায় কুশিয়ারার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, ঝাদুখালি, যাদুকাটা, পাটনাই ও মহাশিং নদীর পানি বিপৎসীমার কাছাকাছি না গেলেও ধীরে ধীরে বাড়ছে।
