কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
শুক্রবার (৩ মে) বেলা ১১টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগেই কারাফটকে ভিড় করেন তার ভক্ত-অনুসারীরা। তারা তাকে ফুল দিয়ে বরন করেন।
মামুনুল বলেন, ‘আমি আজ এই মুহূর্তে আমার মুক্তি উপলক্ষে বলতে চাই, আমাদের ওপর জুলুম করা হয়েছে। এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ্- রাসূলের প্রতি অসম্মান এক মুহূর্তের জন্যও আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে প্রস্তুত রয়েছি।’
মুক্তির সংবাদ ছড়িয়ে পড়লে তার মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিংয়ের বাড়ির সামনেও ভিড় জমান ভক্ত-অনুসারীরা।
মামানুল বলেন, ‘২০২১ সালে হেফাজতে ইসলাম এবং এদেশের আলেম সমাজের ওপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র ও নির্যাতনের যে স্ট্রিম রোলার পরিচালনা করা হয়েছিল, আজ আমার মুক্তির মধ্য দিয়ে তার একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। অন্যায়ভাবে আমাদের কারারুদ্ধ করা হয়েছিল। আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আমরা যখন ন্যূনতম প্রতিবাদ করতে গিয়েছি তখন আমাদের কারারুদ্ধ করা হয়েছে। আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার নানা ধরনের অপচেষ্টা চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের মধ্যে ভেদাভেদ করা মামুনুল হক বিশ্বাস করে না।’
তার নামে ৪১টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
