Logo
Logo
×

সংবাদ

মুক্ত গণমাধ্যম সূচকে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৯:০৩ পিএম

মুক্ত গণমাধ্যম সূচকে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এই সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশ আরও দুই ধাপ পিছিয়েছে। এ বছর ২৭ দশমিক ৬৪ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে।

গত বছর বাংলাদেশের স্কোর ছিল ৩৫ দশমিক ৩১। আর বাংলাদেশের অবস্থান ছিল ১৬৩। এর আগে ২০২২ সালে ৩৬ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১৬২তম অবস্থানে ছিল। আর ২০২১ সালে ৫০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক দিয়ে গোটা বিশ্বে এশিয়া-প্যাসিফিক অঞ্চল দ্বিতীয় অবস্থানে রয়েছে। গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক কর্মস্থল হলো মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান। 

এদিকে নরওয়ে বৈশ্বিক সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের পয়েন্ট ৯১ দশমিক ৮৯। শীর্ষ দশের বাকি দেশগুলো হলো ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা যাচাই করা হয়। এই সূচকে পাঁচটি বিষয় আমলে নেয়া হয়। এগুলো হলো-রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থ-সামাজিক অবস্থা ও নিরাপত্তা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকে হুমকির মুখোমুখি হচ্ছে, যাতে রাজনৈতিক সূচকের উল্লেখযোগ্য হ্রাস থেকে নিশ্চিত হয়েছে। এ বছর এই সূচকের বৈশ্বিক গড় সাত দশমিক ছয় শতাংশ কমেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন