আমেরিকায় ছাত্র বিক্ষোভ
ফিলিস্তিন-সমর্থকদের ক্যাম্প গুঁড়িয়ে দিল পুলিশ
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৩:৪৭ পিএম
আমেরিকায় ছাত্র বিক্ষোভ দমনে শেষ পর্যন্ত পুলিশ সহিংস পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২ মে) লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসি) ফিলিস্তিন-সমর্থকদের তাঁবু ভেঙে দিয়েছে। বিক্ষোভকারীদের পিছমোড়া দিয়ে বেঁধে নিয়ে গেছে। এর আগে পুলিশি নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংস অভিযান চালায়। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা জানিয়েছেন।
কিছুদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোয়। মঙ্গলবার রাত থেকে তা কয়েক জায়গায় তা সংঘর্ষের রূপ নেয়। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদের বিক্ষোভ শুরু হলে ইসরায়েলপন্থি একটি পক্ষও মাঠে নামে। তারা ফিলিস্তিনপন্থিদের ওপর হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের ঘোষণা আসে ফিলিস্তিনপন্থি শিবির থেকে।
আমেরিকার বিক্ষোভ সম্প্রতি কানাডায়ও ছড়িয়েছে। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি ক্যাম্পাসেও তাঁবু গেড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখানেও হামলা হয়েছে।
এসব হামলার পর রাজনীতিবিদদের সমালোচনা শুরু হয়েছে দেশ দুটিতে।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ব্যারি ইডলিন বলেন, ‘ছাত্র বিক্ষোভ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডায়ও রাজনীতিকদের বক্তব্যে ভণ্ডামি দেখতে পাচ্ছি। যা মানুষের অন্তরে আঘাত করছে। আমাদের সরকার বলে, তারা গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা—এসব সমর্থন করে। অথচ তারা ইসরায়েলকে অটল সমর্থন দেয়। যে বিশ্ববিদ্যালয়গুলো বলে যে তারা মতপ্রকাশের স্বাধীনতার প্রচার করে, কিন্তু তারা শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশ ভাঙতে পুলিশ পাঠায়।’
বিক্ষোভ দমনে গত সপ্তাহ খানেকের মধ্যে পুলিশ দেড় হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভ বিষয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেছেন। তিনি তার বক্তব্যে আইন প্রয়োগ করতে বলেছেন। এর পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। সূত্র : বিবিসি, আল-জাজিরা
