Logo
Logo
×

সংবাদ

মধুখালীর মন্দিরে কে দিল আগুন, কে নিল প্রাণ

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০২:০০ এএম

মধুখালীর মন্দিরে কে দিল আগুন, কে নিল প্রাণ

ঘটনার পর পঞ্চপল্লী বারোয়ারি কালী মন্দিরের ভেতরের একটি চিত্র। ছবি: বাংলা আউটলুক

ফরিদপুরের মধুখালীর ডুমাইনে পঞ্চপল্লীর বারোয়ারি কালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে দুই সহোদরকে পিটিয়ে হত্যা করে হিন্দু অধ্যুষিত ওই এলাকার লোকজন। মারধর শুরু হয় মুসলমান এক চেয়ারম্যানের হাত দিয়ে। পুলিশ বলছে, দুই কিশোর শ্রমিক হত্যার অভিযোগে এখন পর্যন্ত মধুখালী মন্দির এলাকার ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট বাকিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডুমাইন ইউনিয়নের এই ঘটনা পুরো দেশ আলোড়ন তৈরি করে। নানা সন্দেহের ডালপালা মেলতে থাকে। কীভাবে সূত্রপাত হলো এই ঘটনার? পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি গুজবের বলি হলেন দুই কিশোর? ঘটনার সূত্রপাত কী নিয়ে? কারা ছিল এর পেছনে? সরেজমিন ঘটনাস্থল, প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, নিহতের পরিবার ও পিটুনি থেকে বেঁচে ফেরাদের সঙ্গে কথা বলেন বাংলা আউটলুকের ভ্রাম্যমাণ  প্রতিনিধি। ঘটনাস্থল ও আশাপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের বক্তব্যে বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য।

সরেজমিন দেখা যায়, মধুখালী কামারখালী মহাসড়কের মাঝ পথে আমডাঙ্গা বাজার। সড়ক থেকে ২০০ গজ দূরে নওপাড়া আঞ্চলিক সড়ক। একটু হেঁটে সামনে এগোলেই চোপেরঘাট গ্রাম। সবুজে আচ্ছন্ন এক গ্রাম চোপেরঘাট। চারিদিকে সুনসান নিরবতা। রাস্তাঘাটে লোকজন কম। গ্রামের পাকা রাস্তা ধরে ১০ মিনিট হাঁটলে নিহত শ্রমিক আশরাফুল-আরশাদুলদের বাড়ি। বাড়ির পাশে যেতেই ভেতর থেকে আহাজারির শব্দ শোনা গেল। ভেতরে ঢুকতেই চোখে পড়ে লোকজনের ভিড়। মানুষের ভিড় ঠেলে একটু সামনে যেতেই এক নারীকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায়। 

একজনের সঙ্গে কথা বলে জানা গেল, অচেতন হয়ে পড়ে থাকা নারী পঞ্চপল্লীতে হামলায় নিহত আশরাফুল-আরশাদুলের মা শারমিন বেগম। পাশেই দাঁড়িয়ে আছেন আরশাদুলের মক্তব শিক্ষক রেজাউল করিম। ১৫ পারার হাফেজ আরশাদুলের মৃত্যু কিছুতেই মানতে পারছেন তিনি। বাবা শাহজাহানও দুই ছেলে হারানোর শোকে স্ট্রোক করে হাসপাতালে। পুরো পাড়া যেন ঘটনার আকস্মিকতায় এখনো স্তব্ধ। 

চোপেরঘাটের আশপাশের আমডাঙ্গা, আড়কান্দী, মুসনা ও চরবাঘা গ্রামের কোথাও কোনো হিন্দু পরিবার নেই। শুধু আড়কান্দী শা পাড়ায় কয়েক ঘর হিন্দু আছে। ঘটনার পরে থেকে সেখানে পুলিশি পাহারা চলছে। এলাকার মানুষের মধ্যেও কোনো বাড়তি রা নেই। যদিও গ্রামের মোড়ে মোড়ে মানুষ। তারা টুকটাক যাও কথা বলছেন, তা আশরাফুল-আরশাদুলকে নিয়ে। বাড়ি লাগোয়া রাস্তা থেকে একটু পাশের বাঁশঝাড়ের কাছে পাশাপাশি দুটি নতুন কবর। নিহত দুই ভাইয়ের বড় চাচা আব্দুর রাজ্জাক খান কবরের কাছে নিয়ে গেলেন। দুই ভাতিজার কবর দেখিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। 

অন্যদিকে, ঘটনাস্থলের আশপাশের কৃষ্ণনগর, জিনিসনগর, জাননগর, সীধলাজুড়ি, তারাপুর, পুশআমলা, সাধুখালী, আখশুখনা গ্রামের একাধিক বাড়িতে গিয়ে ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করা হয়। অধিকাংশ বাড়ির বসতঘরে তালা ঝুলানো, মানুষ শূন্য। কিছু বাড়িতে নারীদের উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু অধিকাংশই কথা বলতে রাজি নন। কেউ কেউ কথা বলতে চাইলেও, আগে এই প্রতিবেদকের ধর্ম পরিচয় জানতে চান। সনাতন ধর্মের হলে কথা বলবেন না, জানানো হয়। কৌশলে তাদের সঙ্গে কথা বলা হয়। 

কীভাবে মন্দিরে আগুল লাগলো

১৮ এপ্রিল পঞ্চপল্লী বারোয়ারি কালী মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে নানা তথ্য উঠে এসেছে। শুরু থেকে ঘটনাস্থলে ছিলেন এমন দুই ব্যক্তি ঘটনার সূত্রপাত সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মানুষ যা জানে, ঘটনা তার পুরো উল্টো। আসল ঘটনা কেউ সামনে আনছে না। ঘটনার দিন বিকেলেই শ্রমিকদের সঙ্গে ওই এলাকার কিছু যুবকের গণ্ডগোল বাঁধে। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। শ্রমিকদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। তারা একে অপরকে বাজে ভাষায় গালমন্দ করতে থাকেন। কিছুক্ষণ পরেই স্থানীয় অনয় ভাদুরী, বিকাশ, সুজিত, গোবিন্দ, অসিম, বিনয়সহ একদল যুবক এসে শ্রমিকদের এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। পরে শ্রমিকরা তাদের ধর্মীয় উসকানিমূলক কিছু গালমন্দ করলে উত্তেজিত হয়ে আশপাশের উপস্থিত লোকজনও তাদের মারধর করেন। 

তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। ওই সময় মন্দিরের পাশের বাড়ির গৃহবধূ তপতী রানী মন্ডল ধূপ, তুলসী পাতা নিয়ে মন্দিরে আসেন। তিনিও ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে তিনি ওখানে না দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে চলে যান। অল্প সময় পরই অনয় ভাদুরী মন্দিরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই কালী মূর্তির শাড়িতে আগুন লেগে যায়। পরে বাহিরে থাকা অন্যরা আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। মন্দিরের আগুন নেভান। শ্রমিকরাও আগুন নেভাতে সহায়তা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পরে অনয় ভাদুরী উচ্চস্বরে বলতে থাকেন, ‘এই শ্রমিকরাই মন্দিরে আগুন দিয়েছে। ওদের ............ (উসকানিমূলক বিবেচনায় পুরো বক্তব্য দেওয়া হয়নি)’ 

তখন ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। শ্রমিকদের মারধর করতে ঘিরে ফেলে। স্থানীয় গ্রাম পুলিশ এসে শ্রমিকদের চড় থাপ্পড় মারেন। মেম্বার অজিত শ্রমিকদের রশি দিয়ে বেঁধে স্কুলের একটি কক্ষে নিয়ে যান।

মেরে ফেলার উদ্দেশ্যই শ্রমিকদের পেটানো হয় 

মন্দিরে আগুনের খবর শুনে আশপাশের ৭ গ্রামের প্রায় ২ হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। স্কুলের শিশু শ্রেণির কক্ষে নির্মাণ শ্রমিকদের রশি দিয়ে বেঁধে গায়ের কাপড় খুলে লাইন ধরে দাড় করিয়ে রাখা হয়। পরে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপনের উপস্থিতিতে পালা করে তাদের মারধর করা হয়। ওই রুমে একসঙ্গে ৩০ থেকে ৪০ জনের বেশি মানুষ ঢোকার উপায় নেই। তাই একদল মারপিট করে বের হয়ে গেলে আরেকদল কক্ষে প্রবেশ করেন। প্রথমে চেয়ারম্যান আসাদুজ্জামান তপন, মেম্বার অজিত কুমার সরকার, আরেক মেম্বার লিংকন বিশ্বাস ও বিনয় কুমার সাহা শ্রমিকদের কাছে ঘটনার বর্ণনা শুনেন আর লাঠি দিয়ে পেটাতে থাকেন। প্রথমে আশরাফুলকে পেটানো হলে বড় ভাইকে বাঁচাতে ছোটভাই আরশাদুল এসে তাকে জড়িয়ে ধরে। পরে দুজনকেই পেটানো হয়। মুখের দাড়ি ধরে আরেক শ্রমিক নান্নু মন্ডলকেও মারা হয়। পরে চেয়ারম্যান কক্ষ থেকে বেরিয়ে গেলে। দ্বিতীয় দফা মারধর করতে রুমে প্রবেশ করেন স্থানীয় উজ্জ্বল, সুফল, সুকুমার, রাজকুমার, সাধন, বিকাশ, সুজিত, মানিক। তারা শ্রমিকদের রড, লোহার পাইপ ও কাঠ দিয়ে বেধড়ক পেটাতে থাকে। মার খেয়ে উপুড় হয়ে পড়ে থাকা আরশাদুলের পিঠে মুগুর দিয়ে আঘাত করা হয়। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। 

তৃতীয় দফায় পার্শ্ববর্তী পুশআমলা গ্রামের ভূপেন বিশ্বাস ও মণি কুমারের নেতৃত্বে একদল যুবক রুমে ঢুকে অচেতন হয়ে পড়ে থাকা শ্রমিকদের কাঠ দিয়ে পেটান। এভাবে প্রায় ৪ ঘণ্টা নির্যাতন চালানো হয়। ইট দিয়ে আশরাফুলের মাথাও থেতলে দেওয়া হয়। হাত পা ভেঙে দেওয়া হয়। 

নারীরাও মারধরে অংশ নেন

শ্রমিকদের মারধরের ঘটনায় কৃষ্ণনগর গ্রামের নারীরাও অংশ নেন। কক্ষের ভেতর পুরুষরা লাঠি, রড, বাঁশ, কাঠ দিয়ে পেটান। তখন রুমের বাহির থেকে কোনো কোনো নারী জানালা দিয়ে উঁকি দিয়ে অচেতন হয়ে পড়ে থাকা শ্রমিকদের উপর ইটের টুকরো ছোড়েন। নারীরা শ্রমিকদের পুড়িয়ে দিতে আগুন এগিয়ে দেন। 

স্কুলের ভেতর আগুনের ছাই

পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি কক্ষে (যেখানে শ্রমিকদের পিটিয়ে মারা হয়েছে) ছাই দেখা গেছে। কক্ষের মেঝেতে দুই স্থানে ছাই পড়ে আছে। ছাইগুলো আলামত হিসেবে ইট দিয়ে ঘিরে রাখা। 

স্থানীয় একটি সূত্র বলছে, উত্তেজিত জনতা শ্রমিকদের পিটিয়ে গুরুতর জখম করে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। এক পর্যায়ে নিহত আরশাদুলের মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন তার মুখের কিছু অংশ পুড়ে যায়। পরে তিন জেলার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। শ্রমিকদের পুড়িয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়।

নিহতের চাচা রাজ্জাক খান বাংলা আউটলুককে বলেন, আমরা লাশ বুঝে পাওয়ার পর আরশাদুলের মেরুদণ্ড ভাঙা ও মুখ পোড়া দেখেছি। মুখে আগুন না দিলে এমন হওয়ার কথা নয়। মুখে পোড়ার দাগ ছিলো।

আরশাদুলের মক্তব শিক্ষক রেজাউল করিমও দাবি করেছেন, গোসল দেওয়ার সময় আরশাদুলের মুখমন্ডল পোড়া দেখা গেছে। 

পুলিশের ২৩৭ রাউন্ড গুলি খরচায় ৩ শ্রমিক উদ্ধার

শ্রমিকদের উপর স্থানীয় হিন্দুদের হামলার খবর প্রথম পান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। পরে তিনি রাত্রীকালীন ডিউটিতে থাকা উপ-পরিশর্দক শংকর বালাকে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। রাত ৮ টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি বেগতিকের খবর পেয়ে বাড়তি পুলিশ নিয়ে ওসি নিজেই ঘটনাস্থলে যান। স্থানীয়রা তাদেরও প্রায় অবরুদ্ধ করে ফেলেন। তখন স্থানীয়রা শ্রমিকদের মারধর করে স্কুলের মধ্যে আটকে রেখেছিল। শ্রমিকদের নসিমনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের উপরও তারা চড়াও হয়। পরে জেলা পুলিশ ও ইউএনও গেলে তাদেরও ঘিরে ফেলা হয়। এমনকি পুলিশের উপর ইটপাটকেলও ছোড়া হয়। পুলিশ আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যায়ক্রমে ২৩৭ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে যৌথ বাহিনী এসে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। (পুলিশ ঠিক কোন সময় ঘটনাস্থলে আসে তা পরিষ্কার নয়)

হামলায় বেঁচে ফেরারা কী বলছেন

শৌচাগার নির্মাণ কাজটির ঠিকাদার ছিলেন চোপেরঘাট গ্রামের সাব-ঠিকাদার মো. জালাল শেখ। তিনিও হামলার শিকার হয়েছিলেন। জালাল শেখ বলেন, রুমে নেওয়ার আগে বটগাছের নিচে যখন আমাদের বেঁধে রাখা হয়। তখন ওখানের চৌকিদার এসে শ্রমিকদের চাড় ধাপ্পড় মারেন, গালাগাল করেন। পরে মেম্বার এসে রুমের ভেতর নিয়ে যান। মেম্বার অনেক উত্তেজিত ছিলো। পারলে মেরে ফেলে এমন অবস্থা।

হামলা থেকে বেঁচে ফেরা শ্রমিক হাবিবুর রহমান বলেন, ওইদিন আমিও সারাদিন ওখানে কাজ করেছি। তবে যখন এই ঘটনার সৃষ্টি হয় তখন আমি মাঠের মধ্যে গোসল করতেছিলাম। হঠাৎ হৈচৈ শুনি পরে দেখি, আমাদের শ্রমিকদের বেঁধে স্কুলের ভেতর ঢোকানো হচ্ছে। পরে কিছু লোক দৌড়ে এসে আমাকে ধরে নিয়ে যায়। পরে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। তখন একটি লোক মোবাইল বের করে লাইভে আসে। লাইভে এসে আমাকে বলে যে তুই বল এই ৪ শ্রমিক মন্দিরে আগুন দিয়েছে। যদি না বলিস তোকেও ওদের সঙ্গে মারবো। তুইও বাঁচতে পারবি না। পরে আমি অস্বীকার করলে আমাকে কয়েকজন মিলে থাপড়াতে থাকে। তখন আমি দৌড় দিয়ে মানুষের ভিড়ে ঢুকে যাই। পরে ওরা শ্রমিকদরে মারধর করতে ব্যস্ত হয়ে পড়ে। পরে আমি সিঁড়ির নিচে ঢুকে পড়ি। ৪ ঘণ্টা পর পুলিশ আসলে সেখান থেকে বের হই।

স্বজন-প্রতিবেশীরা কী বলছেন

নিহত দুই ভাইয়ের চাচা আব্দুর রাজ্জাক খান  বলেন, চেয়ারম্যান ঘটনাস্থলে ছিলো। সে মারধরও করেছে। তবুও জালাল তা অস্বীকার করেছে। সে মিথ্যা কথা বলেছে। যে চেয়ারম্যান মারেনি। তার বক্তব্যে গড়মিল। এজন্য তাকে ডিবিতে নিয়ে গেছে। জালালের ভূমিকা সন্দেহজনক ছিল। কৃষ্ণপুরে ঝামেলা হচ্ছিলো বলে আমার ভাতিজাদের ওখান থেকে ফিরিয়ে আনা হয়। তারপরে জালাল (ঠিকাদার) তাদের অন্য জায়গায় কাজে দেন। কিন্তু সেখান থেকে আবার তাদের সেই কৃষ্ণপুরে কাজে নেওয়া হয়। এই বিষয়ে আমরা কিছু জানিও না। আমাদের ঠিকাদার জালালকেও সন্দেহজনক মনে হচ্ছে। সে চেয়ারম্যানের মারধরের ঘটনা আড়াল করেছেন। তাকে বাঁচানোর চেষ্টা করেছেন।

প্রতিবেশী ছানোয়ার হোসেন বলেন, ওখানে হিন্দুরা অনেক উগ্র। আশপাশের ৮ গ্রামের মধ্যে কোনো মুসলমান নেই। গ্রামের মধ্যে দোকানপাটও সব হিন্দুদের। আরশাদুলের বাবা আমাদের বলেছে তার ছেলেদের আগে থেকেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। অনেক জ্বালাতন করা হয়। আমরা শুনেছি বিকেলে মারধর করে পরে সন্ধ্যায় মন্দিরে আগুন দিয়ে ওদের ফাঁসানো হয়েছে। এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না।

পুলিশ কী বলছে

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলছেন, মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে সন্দেহজনকভাবে দুই কিশোরকে হত্যা কোনো ইন্ধন থেকে ঘটেছে কিনা আমরা সেদিকে নজর রাখছি । তবে মন্দিরের আগুন ও দুই শ্রমিক হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে এখনো গ্রেপ্তার করতে পারিনি আমরা। ইনশাল্লাহ আমরা তাকে ধরবো। 

তিনি আরও বলেন, মন্দিরে আগুন দেওয়ার নামে দুই শ্রমিক হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ২১ জনকে গত বুধবার কোর্টে চালান করা হয়েছে ।

প্রসঙ্গত: গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা হয়। স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল। সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন। সেখানে পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন