একদল ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে, আরেকদল ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে। তারা আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তাদের সঙ্গে বহিরাগত কিছু আন্দোলনকারীও থাকতে পারে। তারা সংঘর্ষে জড়িয়েছেন, যার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মুখোশ পরা ইসরায়েল-সমর্থকরা ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লাঠিপেটা করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেরি ওসাকো এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলেছেন। সংঘর্ষের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিবিসর খবর, নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের কয়েক ঘণ্টা পর লস অ্যাঞ্জেলেসের এ বিশ্ববিদ্যালয়ে দুই বিরোধী পক্ষের সংঘর্ষ হয়। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বলছে, ক্যাম্পাসে ব্যাপক সহিংসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তারা সেখানে গেছে।
লস অ্যাঞ্জেলেসের কাউন্সিলর কেটি বলেছেন, ইউসি ক্যম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনকি এ জায়গা আর নিরাপদ নয় বলেও তিনি হতাশা প্রকাশ করেছেন।
ইউসি ক্যাম্পাসে সংঘর্ষের আগে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থিদের হটিয়ে দেয় পুলিশ। তারা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ উপেক্ষা করে ২৪ ঘণ্টা ধরে হলটি দখলে রেখে বিক্ষোভ দেখায়।
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর এমন সংঘর্ষ নজিরবিহীন। প্রায় সাত মাস আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা করলে প্রায় ১২০০ জনের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে হত্যাসহ বাড়িঘর ধ্বংস করতে শুরু করে, যা সাত মাস ধরে অবিরাম চালিয়ে যাচ্ছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি মারা গেছে।
এই হামলা ও পাল্টা হামলার শুরু থেকেই আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেন, যা ধীরে ধীরে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়েছে।
