মৃত্যুসনদ জাল করার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল পাশা বাদী হয়ে আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলাটি করেন। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, এ ছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও দুটি মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলো আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদ প্রয়োজন হতো সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি। রাতেই ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুন–অর–রশীদ। সেখানেও মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি।
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ‘মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। সেখানে অবৈধভাবে অপারেশন করা হতো। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। যদি তিনি এগুলো করে থাকেন, তবে ভয়ংকর অপরাধ করেছেন। প্রমাণ পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।’
হারুন অর রশীদ আরও বলেন, ‘বরিশালের উজিরপুরের মিল্টন সমাদ্দারের উত্থান নিজ বাবাকে পিটিয়ে। এই অপরাধে এলাকাবাসী তাঁকে বাড়িছাড়া করেন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন তিনি। ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন। এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ওল্ড অ্যান্ড চাইল্ড নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা। পরবর্তীতে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামের একটি কেয়ার সেন্টার স্থাপন করেন। তিনি খুঁজে খুঁজে গরিব, বৃদ্ধ এবং শিশুদের সেখানে নিয়ে আসতেন। বিভিন্ন মিডিয়ায় তিনি জানিয়েছে, তাঁর কেয়ার সেন্টারে অপারেশন থিয়েটার আছে এবং সেখানে তিনি মানুষের সেবা প্রদান করেন। অপারেশন থিয়েটার থাকলে তো, লাইসেন্স থাকতে হবে। তাঁর লাইসেন্স ছিল না।’
ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দার ৯০০ লাশ দাফন করার কথা বললেও ৮৩৫টি লাশের কোনো ডকুমেন্টস সে দেখাতে পারেনি। আবার কোনো এক সময় দেখা যায়, পাশে একটা মসজিদ ছিল; সেখান থেকে প্রশ্ন উঠেছে, কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে।’
হারুন অর রশিদ বলেন, ‘মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে অজস্র অভিযোগ। অভিযোগগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। জানতে চাইব, উনি লাশগুলো কেন রাতে দাফন করতেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ডেথ সার্টিফিকেটটা উনি নিজে তৈরি করেন। ডাক্তারের সিল-স্বাক্ষর উনি নেন না কেন।
পুলিশের এ অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘মিল্টনের বিরুদ্ধে আমরা অজস্র অভিযোগ পেয়েছি। তিনি বলেছেন তার দুটি আশ্রম রয়েছে। সাভারের আশ্রমে ৫ থেকে ৭ শত লোক রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ২০ থেকে ৩০ জনের বেশি লোক নেই। আমরা তাঁকে নিয়ে এসেছি। কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলার রুজু করবেন। আমরা মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব-কত সংখ্যক মানুষ তার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। তাঁর আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে, এর মাধ্যমে কিডনি বিক্রি করেছেন কি না, সেটাও তদন্ত করা হবে।’
