'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি। রাতেই ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুন–অর–রশীদ। সেখানে মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি।
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ‘মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। সেখানে অবৈধভাবে অপারেশন করা হতো। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। যদি তিনি এগুলো করে থাকেন, তবে ভয়ংকর অপরাধ করেছেন। প্রমাণ পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।’
হারুন অর রশীদ আরও বলেন, ‘বরিশালের উজিরপুরের মিল্টন সমাদ্দারের উত্থান নিজ বাবাকে পিটিয়ে। এই অপরাধে এলাকাবাসী তাঁকে বাড়িছাড়া করেন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন তিনি। ওষুধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন। এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ওল্ড অ্যান্ড চাইল্ড নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা। পরবর্তীতে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামের একটি কেয়ার সেন্টার স্থাপন করেন। তিনি খুঁজে খুঁজে গরিব, বৃদ্ধ এবং শিশুদের সেখানে নিয়ে আসতেন। বিভিন্ন মিডিয়ায় তিনি জানিয়েছে, তাঁর কেয়ার সেন্টারে অপারেশন থিয়েটার আছে এবং সেখানে তিনি মানুষের সেবা প্রদান করেন। অপারেশন থিয়েটার থাকলে তো, লাইসেন্স থাকতে হবে। তাঁর লাইসেন্স ছিল না।’
ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দার ৯০০ লাশ দাফন করার কথা বললেও ৮৩৫টি লাশের কোনো ডকুমেন্টস সে দেখাতে পারেনি। আবার কোনো এক সময় দেখা যায়, পাশে একটা মসজিদ ছিল; সেখান থেকে প্রশ্ন উঠেছে, কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে।’
হারুন অর রশিদ বলেন, ‘মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে অজস্র অভিযোগ। অভিযোগগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। জানতে চাইব, উনি লাশগুলো কেন রাতে দাফন করতেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ডেথ সার্টিফিকেটটা উনি নিজে তৈরি করেন। ডাক্তারের সিল-স্বাক্ষর উনি নেন না কেন।
পুলিশের এ অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘মিল্টনের বিরুদ্ধে আমরা অজস্র অভিযোগ পেয়েছি। তিনি বলেছেন তার দুটি আশ্রম রয়েছে। সাভারের আশ্রমে ৫ থেকে ৭ শত লোক রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ২০ থেকে ৩০ জনের বেশি লোক নেই। আমরা তাঁকে নিয়ে এসেছি। কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলার রুজু করবেন। আমরা মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব-কত সংখ্যক মানুষ তার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। তাঁর আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে, এর মাধ্যমে কিডনি বিক্রি করেছেন কি না, সেটাও তদন্ত করা হবে।’
