চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের একটি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। আজ (১ মে) বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুর থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম সংবাদমাধ্যমকে বলেন, মিল্টনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
ঢাকার মিরপুরে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন মিল্টন সমাদ্দার। তার ভাষ্য, সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি সাভারে জমি কিনে আশ্রয়কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে।
মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান। এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন। ফেসবুকে তাকে অনুসরণ করেন ১ কোটি ৬০ লাখ মানুষ।
সম্প্রতি, মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। মিল্টন ফেসবুকে ভিডিও চিত্র দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।
ডিবির মিরপুর অঞ্চলের এডিসি শাহ আলম সংবাদমাধ্যমকে বলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিয়ে রাতেই গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।
