Logo
Logo
×

সংবাদ

জালালের মায়ের চিকিৎসা বন্ধ, কোনোভাবে চলে যাচ্ছে স্ত্রী-মেয়ের সংসার 

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১১:৪১ পিএম

জালালের মায়ের চিকিৎসা বন্ধ, কোনোভাবে চলে যাচ্ছে স্ত্রী-মেয়ের সংসার 

ঢাকায় মজুরি বৃদ্ধির দাবি করে পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন নেত্রকোনার কেন্দুয়ার জালাল উদ্দিন। সুপারভাইজার হিসেবে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেডে কাজ করতেন তিনি। গত বছরের ৮ নভেম্বর পুলিশ আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর গুলি বর্ষণ করলে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর মৃত্যু হয় জালাল উদ্দিনের।  

ওই দুর্ঘটনার এক বছর পর কেমন আছে জালালের পরিবার তা জানতে জালালের শ্যালক রাজিবের সঙ্গে যোগাযোগ করে বাংলা আউটলুক ঢাকা অফিস। তিনি জানান, জালাল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু রাজনীতিতে পেট চলে না। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি নেন। টানা এক যুগের কর্মজীবনে তিনি মোটামুটি ভালোই ছিলেন। ৯ বছরের মেয়ে জান্নাতুল বাকেয়া মরিয়ম ও স্ত্রী নারগিসকে নিয়ে তাদের মোটামুটি সুখের সংসারই ছিল। কিন্তু এখন মেয়েটি এতিম। আমার বোন তার মেয়েটিকে নিয়ে কোনো মতে বেঁচে আছে।
 
জালালের মৃত্যুর পর স্ত্রী নারগিস আক্তারকে চাকরি দেয় ইসলাম গার্মেন্টস। তারা কোনাবাড়ীতেই থাকে। মেয়েটা স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কারখানায় কাজ করে যে টাকা পায় তা দিয়ে মা-মেয়ের সংসার কোনো রকম চলছে।
 
ওই মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে রাজিব বলেন, কার বিরুদ্ধে মামলা করবো? কাকে আসামি করবো?  পুলিশের গুলিতে জালাল মারা গেছেন। পুলিশ মানে তো সরকার। আমরা কি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারি? সেই ক্ষমতা থাকলে তো আর কেউ গার্মেন্টসে চাকরি করে না।
 
তিনি জানান, জালালের মৃত্যুর পর সবচেয়ে বিপদে আছেন তার মা। তিনি গ্রামে থাকেন। জালাল বেঁচে থাকা অবস্থায় তিনিই তার মাকে দেখতেন। এখন আমার বোন চাকরি করে সামান্য বেতন পান। তা দিয়ে নিজেরাই ভালো করে চলতে পারে না।
 
কেন্দুয়া উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত গড়ডোবা ইউনিয়নের বাশাটি গ্রাম। এই গ্রামের চাঁন মিয়া ছেলে জালাল উদ্দিন। চাঁন মিয়া দুটি সংসার করেছিলেন। বর্তমানে ছোট স্ত্রী জাহেরা খাতুন জালালের মা। তিনি আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। ছেলের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছেন। চিকিৎসাও চলে না ঠিক মতো। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন