Logo
Logo
×

সংবাদ

রাশিয়া বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম

রাশিয়া বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী

রাশিয়া বাংলাদেশের রেল উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ মঙ্গলবার রেলভবনে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় স্থাপনা নির্মাণের রাশিয়ার বিশাল অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’ এ সময় রাশিয়ার বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান রাশিয়ার রাষ্ট্রদূত।

মহান মুক্তিযুদ্ধে মস্কোর সমর্থনের কথা স্মরণ করে রেলমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। রাশিয়ার অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে। ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপক্ষীয় স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রেলব্যবস্থা ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ দ্বারা বিভক্ত। আমরা ক্রমান্বয়ে ব্রডগেজে রূপান্তর করার পরিকল্পনা করছি। রেলের আরও সম্প্রসারণ করে প্রত্যেকটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে।’ এ সময় রাশিয়া বাংলাদেশের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন