Logo
Logo
×

সংবাদ

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: ইসি আলমগীর 

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২০ পিএম

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: ইসি আলমগীর 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত এবং সুযোগও নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশই যথেষ্ট। এ ছাড়া সার্বিকভাবে র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী কাজ করে থাকে। সঙ্গে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অগ্রিম তথ্য দেন। কোনো সহিংসতা হওয়ার আগেই পুলিশ ও জেলা প্রশাসন ব্যবস্থা নেয়। তাহলে প্রার্থীরা সেনাবাহিনী মোতায়েন চাইবেন কেন? সেনাবাহিনী লাগে তো যুদ্ধ করার জন্য। প্রার্থীরা কি যুদ্ধ করবেন?

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী প্রমুখ।

ইসি আলমগীর আরো বলেন, ‘এই উপজেলা পরিষদ নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সহিংসতার কাজে জড়িত থাকে, তাদের কাউকে কখনোই ছেড়ে দেওয়া হয় না। এসব অপরাধীর বিরুদ্ধে যদি কোনো কর্মকর্তা ব্যবস্থা না নেন, তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিয়ে থাকে।’ 

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেদিকে সবার তৎপরতা রয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন