ব্যাংক ও গ্রাহকের অর্থ আত্মসাৎ: সিটি ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম
সিটি ব্যাংক এবং গ্রাহকদের হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ব্যাংকটির কার্ড ডিভিশনের সাবেক এক শীর্ষ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া কর্মকর্তা হলেন সিটি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মুসাব্বির রহিম। চারটি ধারায় তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুটি ধারায় ৭ বছর করে ১৪ বছর কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা। একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাজাগুলো একসঙ্গে চলবে। তাই তাকে একটি ধারায় সর্বোচ্চ সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে। তার মানে, তাকে ১০ বছর কারাগারে থাকতে হবে।
