Logo
Logo
×

সংবাদ

তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ

Icon

ইউএনবি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট স্কুল ও শিক্ষা ব্যুরোর আওতাধীন লার্নিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। তবে ওই ঘোষণায় শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

তাপপ্রবাহ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও রবিবার (২৮ এপ্রিল) থেকে সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস শুরু হয়েছে। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে তাপপ্রবাহের কারণে ঈদুল ফিতরের পর ফের ছুটি বাড়ানো হয়েছিল। রবিবার রাত পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নির্দেশনা না দেওয়ায় সোমবার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

তবে তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন না হলেও পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অভিভাবকরা বেশি উদ্বিগ্ন। 

মূলত, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি হলে আনুষ্ঠানিক ঘোষণার দিকে খেয়াল রাখতে পিতামাতা এবং অভিভাবকদের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন