বৃহস্পতিবার থেকে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস, কমবে দাবদাহ
আউটলুক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
আগামী বৃহস্পতিবার (২ মে) থেকে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আজ সোমবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক এই পূর্বাভাসের কথা জানান।
আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক জানান, ২ মে থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে বলে জানান তিনি। যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর খুলনা বিভাগ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এদিকে কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, সোমবার দেশের ৭টি বিভাগের আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। চলমান এই তাপপ্রবাহ ২ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে অব্যাহত থাকতে পারে। তবে চলমান তাপপ্রবাহের তীব্রতা আগামীকাল ৩০ এপ্রিলের থেকে ধীরে-ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় আজ নিজ নিজ জেলার সর্বকালের তাপমাত্রার রেকর্ড ভাঙার সম্ভবনা রয়েছে।
এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু অংশ, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলার কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
